পরিচ্ছন্ন নগর গড়তে ঢাকা দক্ষিণকে ৩০০ ওয়েস্ট বিন দিলো বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক
নিজস্ব প্রতিবেদক

পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও বাসযোগ্য নগরী গড়ে তোলার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) কাছে আনুষ্ঠানিকভাবে ৩০০টি ‘টেকসই ও দৃষ্টিনন্দন ওয়েস্ট বিন’ হস্তান্তর করেছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। আজ মঙ্গলবার (৩ নভেম্বর) নগর ভবন মিলনায়তনে আয়োজিত হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম।
প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম বলেন, “একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ে তোলা শুধু সিটি কর্পোরেশনের একার দায়িত্ব নয়, এতে নগরবাসীরও সমান দায়িত্ব রয়েছে। সিটি কর্পোরেশন তার ভূমিকা পালন করবে, পাশাপাশি নাগরিকদেরও নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে। জনগণের সক্রিয় সহযোগিতা ছাড়া পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা সম্ভব নয়।”
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের এই সামাজিক দায়বদ্ধতামূলক (CSR) উদ্যোগের প্রশংসা করে তিনি আরও বলেন, “নগর উন্নয়নে ব্যাংক, বিমা ও বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। সড়ক বিভাজক ও উন্মুক্ত স্থানে সবুজায়ন এবং সৌন্দর্যবর্ধনে বেসরকারি খাত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। পাশাপাশি, নগরবাসীকে সচেতন করতে গণমাধ্যমের গঠনমূলক ভূমিকাও অত্যন্ত জরুরি। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা ঢাকাকে একটি সবুজ ও আধুনিক নগরীতে রূপান্তর করতে চাই।”
উল্লেখ্য, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সহায়তায় উপস্থাপিত এই আধুনিক ওয়েস্ট বিনগুলো নগরীর বর্জ্য ব্যবস্থাপনা সহজ করার পাশাপাশি নাগরিকদের নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলতে উৎসাহিত করবে। ‘আমার শহর আমার দায়িত্ব, আমি বদলাই ঢাকা বদলাবে’—এই প্রত্যয়কে সামনে রেখে ডিএসসিসি নগরীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ খয়বর রহমান, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এম আওলাদ হোসেন, ডিএসসিসির সকল বিভাগীয় প্রধান, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
আ. দৈ./একে




















