মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
ই-পেপার

মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
তাহসিফের মৃত্যু: দেশি-বিদেশি গোয়েন্দা সংস্থার দিকে সন্দেহ রাষ্ট্রপক্ষের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৬:২৩ পিএম   (ভিজিট : ০)
X

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার কারণে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরি ‘খুন’ হতে পারেন বলে সন্দেহের কথা আদালতকে জানিয়েছিল রাষ্ট্রপক্ষ। তাহসিফের মৃত্যুর সঙ্গে দেশি ও বিদেশির গোয়েন্দা সংস্থার হাত থাকতে পারে বলে এবার সন্দেহের কথা প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালতে মঙ্গলবার তাহসিফ সাউরির ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপের রিমান্ড আবেদনের শুনানিতে এ সন্দেহের কথা বলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন।

দীপের প্রথম দফায় রিমান্ড শুনানিতে গত ৩১ অক্টোবর রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুল হক দিদার সন্দেহ প্রকাশ করে আদালতে বলেছিলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়ার ভিডিও করেছিলেন তাহসিফ সাউরি। পরবর্তীতে তা সোশ্যাল মিডিয়ায় ছাড়া হয়। এ কারণে ভিকটিমকে খুন করা হতে পারে।”

চার দিনের রিমান্ড শেষে মঙ্গলবার দীপকে আদালতে হাজির করে আট কারণ দেখিয়ে ফের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গাজীপুরের টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন।

রিমান্ডের পক্ষে কারণগুলো তুলে ধরেন ইন্সপেক্টর ফিরোজ উদ্দিন। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী শামছুদ্দোহা সুমন রিমান্ড মঞ্জুরের আবেদন করে বলেন, “গত ২৭ অক্টোবরের ঘটনা। এ আসামি ভিকটিমকে ওই দিন সন্ধ্যা ৬ টার দিকে বাসা থেকে ডেকে নেয়। তারা নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে যান। সেখান থেকে টঙ্গীর মাজার বস্তিতে যায়। সেখান থেকে যায় তুরাগ নদীর পাড়ে। সেখান থেকে তারা বিচ্ছিন্ন হয়ে পড়েন। একজন নদীতে পড়ে যান। আর এ আসামি বাসায় চলে যায়।

“তার সহকর্মী বা বন্ধু যে নদীতে পড়ে গেছে, হারিয়ে গেছে, তার কি হয়েছে না হয়েছে এ বিষয়ে উৎকণ্ঠা দেখা যায়নি। বিষয়টি কাউকে জানায়ওনি। পরে তাকে হেফাজতে নেওয়া হয়। মামলায় সম্পৃক্ত থাকায় গ্রেপ্তার দেখিয়ে চার দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে সে ভাসা ভাসা তথ্য দিয়েছে। পূর্ণাঙ্গ তথ্য জানার জন্য তাকে আবার সাত দিনের রিমান্ড প্রয়োজন।”


তাহসিফের মৃত্যুর ঘটনার সঙ্গে অন্য কোনো দেশের গোয়েন্দা সংস্থা জড়িত কি না প্রশ্ন তুলে আইনজীবী সুমন বলেন, “আমরা এনায়েত করিম চৌধুরী, ভারতীয় নাগরিক রবিউলকে ইসলামকে গ্রেপ্তার করেছি। তাদের মোটিভ আর এই আসামিকে রিমান্ডে নেওয়ার পর মোটিভ একই মনে হচ্ছে। এ আসামি যেমন ভাসা, ভাসা তথ্য দিচ্ছে, তারাও একই রকমভাবে তথ্য দিয়েছিল। আমরা সন্দেহ করি, দেশি ও বিদেশি গোয়েন্দা সংস্থা পরিকল্পিতভাবে হত্যা করতে পারে।”

উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামি দীপের আবার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেশত্যাগের ‘ভিডিও ধারণকারী’ হিসেবে আলোচনায় থাকা তাহসিফ সাউরির ভাসমান লাশ গেল ২৮ অক্টোবর বিকালে তুরাগের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে উদ্ধার করে নৌ পুলিশ।

এ ঘটনায় ওই রাতেই দীপের ‘বন্ধু স্থানীয় ছোট ভাই’ দীপকে গ্রেপ্তার করে পুলিশ। গত শনিবার প্রথম দফায় দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। পুলিশ বলছে, তাহসিফ ২৭ অক্টোবর সন্ধ্যায় ‘দীপের ডাকে’ বাসার নিচে নামেন এবং নিজের বাইক নিয়ে বাসা থেকে বের হয়ে গিয়েছিলেন।

দীপ ২৯ অক্টোবর বলেছিলেন, রেস্তোরাঁয় একসঙ্গে রাতের খাবার খেয়ে উত্তরা হাউজবিল্ডিং এলাকা থেকে তাহসিফের কাছ থেকে আলাদা হয়ে যান। এছাড়া দীপের দেওয়া তথ্যেই ৩০ অক্টোবর সকালে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে তাহসিফের বাইকটি উদ্ধার করা হয়। ‘মাদকস্পট’ হিসেবে পরিচিত ওই এলাকায় মধ্যরাতে তাহসিফের সঙ্গে যাওয়ার কথা স্বীকারও করেন দীপ। একপর্যায়ে তাকে নিয়ে গত শুক্রবার টঙ্গীর ওই এলাকা পরিদর্শনে গিয়েছিলেন পিবিআই কর্মকর্তারা।

এ মামলায় গত রোববার তাহসিফ সাউরির ‘বান্ধবী’ জেরিকা তাসনিম দিশাকে চার দিনের রিমান্ড দেয় আদালত। ঘটনার দিন রাতে তাহসিফের সাথে দিশাকে উত্তরার একটি বারে দেখা গিয়েছিল।



আ.দৈ/এসআর






Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝