মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
ই-পেপার

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
​ ঢাকেশ্বরী মন্দিরের প্রধান ফটক ও সীমানাপ্রাচীর নির্মাণকাজের উদ্বোধন ডিএসসিসি প্রশাসকের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৯:৫৮ পিএম  আপডেট: ২০.১০.২০২৬ ১০:০২ পিএম  (ভিজিট : ১)
X

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, প্রায় ২.৫ কোটি টাকা ব্যয়ে ঢাকেশ্বরী মন্দিরের প্রধান ফটক ও সীমানাপ্রাচীর নির্মাণকাজের ফলক উন্মোচন করেছেন ।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের প্রধান ফটক ও সীমানাপ্রাচীর নির্মাণকাজের ফলক উন্মোচন করেন ডিএসসিসি প্রশাসক।
 ডিএসসিসি প্রশাসক বলেন, ঢাকেশ্বরী মন্দিরকে ভেতরে-বাইরে সুন্দর করে সাজানোর পাশাপাশি আদি ঢাকা ও পুরান ঢাকার সৌন্দর্যবর্ধনে কাজ করছে সিটি কর্পোরেশন।

তিনি বলেন, ঢাকেশ্বরী মন্দির ঢাকার প্রধান মন্দির। এই মন্দিরের ইতিহাস ও ঐতিহ্য অনেক পুরনো।  বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি মন্দির পরিদর্শনে আসেন। এজন্য  মন্দিরটির পরিবেশ ও অবকাঠামো সুন্দর হওয়ার পাশাপাশি এর মাধ্যমে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির চিত্রও তুলে ধরতে হবে।

তিনি আরও বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার।” এ দেশে হিন্দু, মুসলমান, খ্রিষ্টান ও বৌদ্ধ—সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করেন। সংখ্যালঘু বা সংখ্যাগুরু হিসেবে বিভাজন না করে সবাইকে এ দেশের নাগরিক হিসেবে দেখতে হবে। একজন মুসলমানের যে অধিকার, একজন হিন্দুরও সেই সমান অধিকার রয়েছে।

মন্দিরের উন্নয়নে সহযোগিতার কথা উল্লেখ করে ডিএসসিসি প্রশাসক জানান, প্রধান ফটক ও সীমানাপ্রাচীর নির্মাণের পাশাপাশি মন্দিরের সার্বিক উনয়নে অতিরিক্ত ১৫ লাখ টাকা দেওয়া হয়েছে। কাজের টেন্ডার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হয়েছে।  যত দ্রুত সম্ভব নির্মাণকাজ শুরু করা হবে।

ঢাকা শহর পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দিয়ে আবদুস সালাম বলেন, সকালে শহর পরিষ্কার থাকলেও মানুষের চলাচল বাড়ার সঙ্গে সঙ্গে আবর্জনা জমতে শুরু করে। এ অবস্থা পরিবর্তনে রাস্তায় টিস্যু ও অন্যান্য বর্জ্য না ফেলা, ড্রেনে ময়লা না দেওয়া, পলিথিন বর্জন এবং বাড়িঘরের আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, পরিবেশ রক্ষা ও ডেঙ্গু প্রতিরোধে কোথাও তিন দিনের বেশি পানি জমতে দেওয়া যাবে না। গাছ লাগানো এবং পরিচ্ছন্নতা বজায় রাখার মাধ্যমে ঢাকাকে বাসযোগ্য করে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরের রাস্তা সংস্কার, আলোর ব্যবস্থা ও ড্রেনেজ পরিষ্কারে সিটি কর্পোরেশন কাজ করেছে জানিয়ে তিনি বলেন, প্রথমবারের মতো ডিএসসিসির আওতাধীন ১৬৮টি পূজা মণ্ডপকে মোট ১৯ লক্ষ ৮০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। 

ডিএসসিসি প্রশাসক জানান, সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে তেলেগু ও কানপুরি সম্প্রদায়ের প্রায় ৬৮০ পরিবারকে এবার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে  দুর্গাপূজা উপলক্ষে বোনাস দেওয়া হয়েছে, যাতে তারাও উৎসবের আনন্দে অংশ নিতে পারেন।

তিনি বলেন, সমাজে যারা মানবতার ক্ষতি করে, তারা কোনো ধর্মের নয়; তারা মানুষের শত্রু। সবাইকে ঐক্যবদ্ধভাবে অন্যায় ও অশুভ শক্তির বিরুদ্ধে দাঁড়াতে হবে। কাউকে পিছিয়ে রেখে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।

বক্তব্যের শেষে আবদুস সালাম সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য সবার কাছে দোয়া চান। একই সঙ্গে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ডিএসসিসি সব ধর্মের মানুষের পাশে রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রশাসক ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন এবং পূজার শুভেচ্ছা বিনিময় করেন। এসময় ঢাকা মহানগর পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

আ. দৈ./একে

​


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝