বাঁশের লাঠি দিয়ে মাদকের আস্তানা ধ্বংস করব’: ইশরাক
নিজস্ব প্রতিবেদক

মাদকবিরোধী অভিযান নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের ধরন নিয়ে সমালোচনা করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি ঘোষণা দিয়েছেন, এখন থেকে বাঁশের লাঠি দিয়ে মাদকের আস্তানা ধ্বংস করবেন এবং মাদকের সব আখড়া মাটির সঙ্গে মিশিয়ে দেবেন।
রোববার (১৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন ইশরাক হোসেন।
পোস্টে প্রতিমন্ত্রী দাবি করেন, কিছু নামকরা গণমাধ্যমের আইনজীবী প্যানেলের মাধ্যমে সংশ্লিষ্ট আইনের ধারা ও ব্যাখ্যা জানার সুযোগ রয়েছে। সবকিছু জেনেও তাঁর মাদকবিরোধী অভিযান নিয়ে গণমাধ্যমের খবর প্রকাশের ধরন দেখে মনে হচ্ছে, মাদকের আস্তানাগুলোর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মতো আচরণ করা হচ্ছে। এ বিষয়ে ‘ওয়েট অ্যান্ড সি’ বলেও মন্তব্য করেন তিনি।
ইশরাক আরও অভিযোগ করেন, মাদকের কিছু আখড়া তাঁকে নিয়ে খবর প্রকাশ করা সংবাদমাধ্যমগুলোকে অর্থায়ন করে থাকতে পারে। এসব আখড়া গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, ব্যক্তিগত নিরাপত্তার জন্য আগে তাঁর বৈধ লাইসেন্স করা অস্ত্র ছিল। তবে এখন থেকে মাদকের আস্তানা ধ্বংসে বাঁশের লাঠি ব্যবহার করবেন।
তিনি আরও বলেন, এ সময় পুলিশ উপস্থিত থাকবে এবং ম্যাজিস্ট্রেটের সামনে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হবে। মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
তবে গণমাধ্যমের বিরুদ্ধে প্রতিমন্ত্রীর তোলা অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আ.দৈ/আরএস




















