ইউপি নির্বাচন
নভেম্বরের শেষ দিকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি
নিজস্ব প্রতিবেদক

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে আগামী নভেম্বরের শেষ দিকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে দলগুলোর মতামত, সহযোগিতা ও পরামর্শ নিতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে ডিসেম্বরের প্রথমার্ধে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার পরিকল্পনাও রয়েছে কমিশনের। নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাসুদ এ তথ্য জানিয়েছেন।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের সময়সূচি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, নভেম্বরের শেষ দিকে সংলাপ আয়োজনের সম্ভাবনা রয়েছে। তিনি আরও জানান, স্থানীয় সরকার নির্বাচনে ডাকযোগে ভোট বা পোস্টাল ব্যালট ব্যবহারের সুযোগ থাকছে না। ইতোমধ্যে ইউপি নির্বাচন আয়োজনের একটি রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। পরিকল্পনা অনুযায়ী, পাঁচ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে।
ঘোষিত সূচি অনুযায়ী, প্রথম ধাপের নির্বাচন ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপ ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপ ২৯ এপ্রিল, চতুর্থ ধাপ ১৩ মে এবং পঞ্চম ধাপের ভোট ২৭ মে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত ১৪ সেপ্টেম্বর স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময়সূচি ঘোষণা করেছিল ইসি। তখন ইউপি নির্বাচন ১২ নভেম্বর থেকে শুরু করার পরিকল্পনার কথা জানানো হয়েছিল। পাশাপাশি, ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত তিন ধাপে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হয়।
এ ছাড়া স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি সভা ১৭ সেপ্টেম্বর আয়োজনের কথা থাকলেও পরে তা পিছিয়ে ২১ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়। তবে পরবর্তী সময়ে আইনশৃঙ্খলাবিষয়ক সভা এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্ধারিত আলোচনা—দুটিই বাতিল করে কমিশন। বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৬০টি। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত বছর ৪৭টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছিল কমিশন। নতুন পরিকল্পনা অনুযায়ী, ইউপি নির্বাচনকে সামনে রেখে আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার উদ্যোগ নিতে যাচ্ছে নির্বাচন কমিশন।
আ.দৈ/এসআর




















