মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের মামলয়ে অপরাধী লেলিন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরে রাতের আধারে অন্যায়ভাবে প্রায় ৬০ বছর যাবৎ মানব সেবায় নিয়োজিত ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে’ হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া মামলার অন্যতম আসামি আবুল কালাম আজাদ লেলিন ওরফে শুটার লেলিনকে (৪৬) গ্রেফতার করা হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন অপকর্মের সুনিদিষ্ট অভিযোগে বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।
আজ সোমবার (১৯ অক্টোবর) দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খান গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন। এ দিন সকালে চট্টগ্রামের মিরসরাই থেকে তাকে গ্রেফতার করে ডিবির মিরপুর জোনাল টিম।
পুলিশ জানায়, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের ঘটনায় শাহ আলী থানায় দায়ের করা ১৯ নম্বর মামলার আসামি লেলিন। তার বিরুদ্ধে মিরপুরে চাঁদাবাজি, দখলসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।
এদিকে এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। যাদের মধ্যে বেশিরভাগ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মী। গত ১ অক্টোবর রাড্ডার ঘটনায় বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেন।
গত ২৪ সেপ্টেম্বর গভীর রাতে মিরপুর-১ নম্বর সেকশনে রাড্ডার স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। প্রায় দুইশ লোক দেশীয় অস্ত্র ও ভারী যন্ত্রপাতি নিয়ে সেখানে ঢুকে একটি টিনশেড ও তিনটি সেমিপাকা ভবন গুঁড়িয়ে দেয়। আর পাকা ভবনের আল্ট্রাসাউন্ড কক্ষ, টিকা কক্ষ, ল্যাবরেটরিসহ পাঁচটি কক্ষের জানালা-দরজা ভেঙে ফেলা হয়। এ ঘটনায় শাহ আলী থানায় করা মামলায় স্থানীয় বিএনপি নেতা হানিফ মিয়াসহ ২০০-২৫০ জনকে আসামি করা হয়।
আ. দৈ./একে




















