বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
আগামী ৫ বছরে ৩ হাজার শিক্ষককে পিএইচডি অর্জনে ইউজিসির সহায়তা পাবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৪:৪৮ পিএম  আপডেট: ১৫.১০.২০২৬ ৪:৫১ পিএম  (ভিজিট : ২)
X

আগামী পাঁচ বছরে দেশে-বিদেশে অন্তত ৩ হাজার বিশ্ববিদ্যালয় শিক্ষককে পিএইচডি ডিগ্রি অর্জনে সহায়তা দেওয়ার পরিকল্পনা করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। দেশে উচ্চশিক্ষায় পিএইচডিধারী শিক্ষকের ঘাটতি পূরণে এবং দেশজ গবেষণার সক্ষমতা বাড়াতেই এ উদ্যোগ নিয়েছে ইউজিসি। একই সাথে হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় গবেষণার মানোন্নয়নে ১ হাজার ২০০ কোটি টাকা অনুদান দেওয়া হবে।

সাভারের ব্র্যাক সিডিএমে গতকাল বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় হিট প্রকল্পের আওতায় এবং ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় আয়োজিত ‘জুনিয়র ফ্যাকাল্টি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এসব সিদ্ধান্তের কথা জানান। খবর বাসস।

ইউজিসি চেয়ারম্যান জানান, বিশ্ববিদ্যালয়গুলোর চাহিদার তুলনায় পিএইচডিধারী শিক্ষক ও দক্ষ গবেষকের সংখ্যা এখনো পর্যাপ্ত নয়। এ ঘাটতি মেটাতে চলতি বছর ইউজিসির পিএইচডি ফেলোশিপের সংখ্যা ৪০ শতাংশ বাড়ানো হয়েছে। আগামী বছর এ সংখ্যা ৫০০-তে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

দীর্ঘমেয়াদে উচ্চশিক্ষার গুণগত মান ও বৈশ্বিক প্রতিদ্বন্দ্বিতা অর্জনে দক্ষ গবেষক তৈরি অত্যন্ত জরুরি। হিট প্রকল্পের ১ হাজার ২০০ কোটি টাকার গবেষণা অনুদান সম্পর্কে তিনি বলেন, অনুদান প্রদানের ক্ষেত্রে গবেষণা প্রস্তাবের গুণগত মান, উদ্ভাবনী চিন্তা এবং দেশের বাস্তব সমস্যার সমাধানে গবেষণার অবদানকে মূল মানদণ্ড ধরা হবে। সরকারি ও বেসরকারি—উভয় খাতের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এ গবেষণা প্রস্তাব জমা দিতে পারবেন। সম্পূর্ণ নিরপেক্ষ মূল্যায়নের মাধ্যমে যোগ্য উপপ্রকল্প নির্বাচন করে অর্থায়ন নিশ্চিত করা হবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে হিট প্রকল্পের মাধ্যমে প্রভাষক থেকে অধ্যাপক পর্যন্ত মোট পাঁচ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা তুলে ধরেন ইউজিসি চেয়ারম্যান।

এছাড়া উপাচার্য, উপ-উপাচার্য, ডিন ও কোষাধ্যক্ষসহ বিশ্ববিদ্যালয়ের শীর্ষ প্রশাসনিক কর্মকর্তাদের জন্য নেতৃত্ব, প্রাতিষ্ঠানিক সুশাসন ও আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

প্রশিক্ষণ প্রক্রিয়াকে স্থায়ী রূপ দিতে গাজীপুরে একটি ‘উচ্চশিক্ষা প্রশিক্ষণ একাডেমি’ এবং ঢাকার বাইরে আরও একটি প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, হিট প্রকল্পের মেয়াদ শেষেও নতুন নিয়োগ পাওয়া শিক্ষকদের তিন থেকে ছয় মাসের আবাসিক প্রশিক্ষণ দিতে এই ব্যবস্থা অব্যাহত থাকবে। এসব একাডেমিতে শিক্ষক ও সরকারি নীতিনির্ধারকদের পাশাপাশি শিল্প খাতের নেতাদের অংশগ্রহণের সুযোগ তৈরি করা হবে, যাতে বিশ্ববিদ্যালয় ও শিল্প খাতের মধ্যে সমন্বিত যোগাযোগ বৃদ্ধি পায়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান বলেন, এ প্রশিক্ষণ শিক্ষকদের পেশাগত উৎকর্ষ ও প্রাতিষ্ঠানিক নেতৃত্বের সক্ষমতা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে, যা উচ্চশিক্ষায় যুগোপযোগী পরিবর্তন আনবে।
গত ৯ থেকে ১৪ অক্টোবর অনুষ্ঠিত ছয় দিনব্যাপী এই প্রশিক্ষণে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক অংশ নেন।

সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর মারিয়া রেহমান, অ্যাডভান্স এইচইর জ্যেষ্ঠ পরামর্শক মার্ক ফিলিপ ও হারা, হিট প্রকল্পের চিফ প্রোগ্রাম কো-অর্ডিনেটর অধ্যাপক সেলিনা জামান এবং ইউজিসির সংযোগ ও প্রকাশনা বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আ.দৈ./একে


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝