ঢাবির হলে শহীদ ওসমান হাদি’ নামফলক মুছে শেখ মুজিবের নাম ফেরানোর উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ নামফলক মুছে ফেলার কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে সেখানে পুরোনো ‘শেখ মুজিবুর রহমান হল’ নামফলক ফিরিয়ে আনা হচ্ছে।
বুধবার দুপুর ২টার দিকে হলের গেট থেকে নতুন নামটি মুছে ফেলার কাজ শুরু হয়। তবে হলের গেটে শেখ মুজিবুর রহমানের নাম না রাখার দাবি জানিয়েছেন হল সংসদের ভিপি মো. মুসলিমুর রহমান।
তিনি বলেন, হল সংসদকে বিষয়টি জানানো হয়নি। ফেসবুকের মাধ্যমে নামফলক মুছে ফেলার উদ্যোগের কথা জানতে পারেন তিনি। এ বিষয়ে হলের প্রভোস্টের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
মুসলিমুর রহমান বলেন, হল সংসদের অবস্থান হলো—ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো হলের নাম শেখ মুজিবুর রহমানের নামে থাকা উচিত নয়। ‘শহীদ ওসমান হাদি’ কিংবা অন্য কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির নামে হলটির নাম পরিবর্তন করা হলেও তাদের আপত্তি নেই বলে জানান তিনি।
তিনি জানান, ৫ আগস্টের পর শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে হলটির নাম ‘শহীদ ওসমান হাদি’ করার উদ্যোগ নেওয়া হয়। পরে প্রায় ৮০০ শিক্ষার্থীর স্বাক্ষরসংবলিত স্মারকলিপি তৎকালীন উপাচার্যের কাছে দেওয়া হয়। নাম পরিবর্তনের প্রক্রিয়াটি এখনও চলমান রয়েছে বলেও জানান তিনি।
মুসলিমুর রহমানের ভাষ্য, বিষয়টি গত সিনেট সভায় উত্থাপনের পর অধিকতর বিবেচনার জন্য সিন্ডিকেটে পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে হলের প্রোভোস্ট ড. মো. আখতারুজ্জামানের বক্তব্য পাওয়া যায়নি।
আ.দৈ/আরএস




















