রাজশাহীতে মাদ্রাসায় ক্লাস নেন ‘প্রক্সি শিক্ষক’, রাবি ছাত্রদল নেতা বেতন নেয়
ডেস্ক নিউজ

রাজশাহীর বাঘা উপজেলার একটি আলিম মাদ্রাসায় শিক্ষক হিসেবে কর্মরত থাকলেও নিজে ক্লাস না নিয়ে প্রক্সি শিক্ষক দিয়ে দায়িত্ব চালিয়ে নেওয়ার চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। অভিযুক্ত শিক্ষক নাফিউল ইসলাম জীবন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক। মাদ্রাসায় নিজে উপস্থিত না থাকলেও বেতন-ভাতা ঠিকই তুলে নিচ্ছেন তিনি এবং নিজের পরিবর্তে ক্লাস করাচ্ছেন আপন মামাকে দিয়ে।
অভিযুক্ত নাফিউল ইসলাম জীবন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী এবং ২০২৫ সালের রাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
অনুসন্ধানে জানা যায়, ২০২৫ সালে বাঘা উপজেলার পারসওতা হযরত শাহ সুফি বাঘু দেওয়ান (রহ.) আলিম মাদ্রাসায় শিক্ষক হিসেবে যোগ দেন নাফিউল ইসলাম জীবন। তবে যোগদানের পর থেকেই তিনি নিজে শ্রেণিকক্ষে পাঠদান না করে আসমত আলী নামের তার এক প্রক্সি শিক্ষককে (সম্পর্কে আপন মামা) দিয়ে ক্লাস করিয়ে আসছেন।
মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ বজলুল করীম বিষয়টি নিশ্চিত করে জানান, মাস্টার্স শেষ না হওয়ার অজুহাতে জীবন অন্য একজনকে দিয়ে ক্লাস করানোর অনুমতি চেয়েছিলেন। নিয়মের বাইরে হলেও পরিচালনা কমিটি বা স্থানীয় কেউ বাধা না দেওয়ায় শুরু থেকেই এভাবে পাঠদান চালিয়ে নেওয়া হচ্ছে।
এ বিষয়ে নাফিউল ইসলাম জীবন অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, মাস্টার্স শেষ না হওয়া এবং রাজনৈতিক ব্যস্ততার কারণে প্রিন্সিপালের সাথে কথা বলে তিনি বিকল্প উপায়ে মামাকে দিয়ে ক্লাস করাচ্ছেন। প্রক্সি দেওয়ার বিনিময়ে প্রাপ্ত বেতনের অর্ধেক টাকা তিনি মামাকে দেন এবং বাকি অর্ধেক নিজে রাখেন। বিষয়টি যে পুরোপুরি বৈধ নয় এবং তা গোপনের চেষ্টা করেছিলেন বলেও তিনি স্বীকার করেন।
বাঘা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তকী ফয়সাল তালুকদার জানান, প্রক্সি শিক্ষক দিয়ে ক্লাস করানোর কোনো নিয়ম নেই। বিষয়টি তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আ. দৈ./ একে




















