সরকার ভুল করলে ধরিয়ে দেব, সংশোধন না হলে প্রতিরোধ: গোলাম পরওয়ার
নিজস্ব প্রতিবেদক

সরকারের সব কাজের বিরোধিতা করবে না বিরোধী দল। তবে সরকার কোনো ভুল করলে তা ধরিয়ে দেওয়া হবে এবং সংশোধন না হলে প্রয়োজনে প্রতিরোধ করা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, অতীতের মতো সরকারের সব সিদ্ধান্তের বিরোধিতা করার নীতি বিরোধী দলের থাকবে না। সরকার ভুল করলে তা সংশোধনের সুযোগ দেওয়া হবে। তবে ভুল সংশোধন না হলে প্রয়োজনে প্রতিরোধ গড়ে তোলা হবে।
আগামী ১৮ নভেম্বর অনুষ্ঠেয় বাটেক্সপ্রো মেলার সমাপনী অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতাকে প্রধান অতিথি না করার বিষয়টিকে রাজনৈতিক ও সংকীর্ণ দলীয়করণের প্রতিচ্ছবি বলে মন্তব্য করেন তিনি। তাঁর মতে, এ ধরনের ঘটনায় ব্যবসায়ী মহলে ভুল বার্তা যেতে পারে এবং অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
তিনি বলেন, রাজনীতিতে মতপার্থক্য থাকবেই। তবে দীর্ঘদিনের রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক ঐতিহ্য ভেঙে গেলে ব্যবসায়ীদের মধ্যে নেতিবাচক বার্তা যেতে পারে।
বৈঠকে দেশের টেক্সটাইল শিল্পের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট শফিকুল ইসলাম সরকার। তিনি বলেন, গ্যাস, বিদ্যুৎ ও করসংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
আ.দৈ/আরএস




















