রাষ্ট্রের মিসম্যানেজমেন্টে কোনো সরকার টিকতে পারে না: আখতারুজ্জামান
নিজস্ব প্রতিবেদক

বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে এক দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। শনিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।
দুপুর সাড়ে ১২টার দিকে কঠোর পুলিশি নিরাপত্তায় প্রিজনভ্যানে করে তাঁকে আদালতে আনা হয়। এ সময় সাংবাদিকদের উদ্দেশে আখতারুজ্জামান বলেন, রাষ্ট্রের ‘মিসম্যানেজমেন্ট’ আর চলতে পারে না। নির্যাতন করে তাঁদের সংগ্রাম থামানো যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
আদালত প্রাঙ্গণে পুলিশ সদস্যরা তাঁকে হেলমেট পরানোর চেষ্টা করলে তিনি আপত্তি জানান। হেলমেট পরানো অবস্থায় ভ্যান থেকে নামানোর পর সেটি ছুড়ে ফেলে দিয়ে তিনি বলেন, ‘সরকারের অবৈধ আদেশ মানি না।’ পরে হেলমেট ছাড়াই তাঁকে এজলাসে নেওয়া হয়।
এ সময় তিনি ‘ইনকিলাব জিন্দাবাদ’ ও ‘বাংলাদেশ জিন্দাবাদ’ স্লোগান দেন। শুনানি চলাকালে আদালতে সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।
আসামিপক্ষের আইনজীবী আব্দুর রাজ্জাক জানান, প্রায় এক ঘণ্টার শুনানি শেষে আদালত আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
এর আগে শুক্রবার রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ ও মামলার তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অব্যবস্থাপনা নিয়ে বিমানবন্দরের নির্বাহী কর্মকর্তা গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়। পরে সরকারি কাজে বাধা ও হেনস্তার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়।
আ.দৈ/আরএস




















