ঢাকা উত্তর যুবদলে নতুন নেতৃত্বের সমীকরণ, আলোচনায় একাধিক নেতা
নিজস্ব প্রতিবেদক

মেয়াদোত্তীর্ণ ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত হওয়ার পর নতুন নেতৃত্ব নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা ও তৎপরতা। দলীয় সূত্রের দাবি, যেকোনো সময় নতুন পূর্ণাঙ্গ বা আংশিক কমিটি ঘোষণা করতে পারে কেন্দ্রীয় নেতৃত্ব। সম্ভাব্য কমিটিতে পদ পেতে এরই মধ্যে নেতাদের মধ্যে জোর লবিং চলছে।
গত ৩০ সেপ্টেম্বর ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়। এরপর থেকেই নতুন নেতৃত্বে কারা আসছেন, তা নিয়ে রাজধানীর রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
দলীয় সূত্র জানায়, বিগত সরকারবিরোধী আন্দোলনে রাজপথে সক্রিয় থাকা, হামলা-মামলা ও নির্যাতনের শিকার হওয়া এবং সংগঠনে দীর্ঘদিনের ভূমিকার পাশাপাশি নেতাদের ব্যক্তিগত ভাবমূর্তিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। তৃণমূলের সঙ্গে যোগাযোগ ও সাংগঠনিক দক্ষতাও বিবেচনায় রাখা হচ্ছে বলে জানা গেছে।
সম্ভাব্য নেতৃত্বে সদ্য বিলুপ্ত কমিটির নেতাদের পাশাপাশি ছাত্রদলের সাবেক নেতাদের নামও আলোচনায় রয়েছে। সভাপতি পদে সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন, আইয়ুব আলী, তসলিম আহসান মাসুম, মিজানুর রহমান রাজ, শিমুল আহমেদ ও আবুল হাসান টিটুর নাম আলোচনায় রয়েছে।
সাধারণ সম্পাদক পদে আমিনুল ইসলাম, ফরহাদ আলী সজীব, তানভীর আহম্মেদ ইকরাম, শিমুল আহমেদ রাসেল, আবু সালেহ চৌধুরী মানিক, আরিফ হোসেন, মেহেদী হাসান রুয়েল ও কামরুল ইসলামসহ আরও কয়েকজনের নাম শোনা যাচ্ছে।
তবে শেষ পর্যন্ত কারা নতুন কমিটিতে জায়গা পাচ্ছেন, সে বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। নতুন কমিটি ঘোষণা না হওয়া পর্যন্ত নেতৃত্ব নিয়ে আলোচনা ও তৎপরতা অব্যাহত থাকবে বলে দলীয় সূত্র জানিয়েছে।
আ.দৈ/আরএস




















