জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: হুমায়ুন কবির
নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সোমবার (২৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। হুমায়ুন কবির বলেন, সফরের মাধ্যমে নতুন সরকারের অঙ্গীকার ও প্রত্যাশা বিশ্বপরিসরে তুলে ধরার পাশাপাশি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভাষ্য, চার দিনের সফরে প্রধানমন্ত্রী মোট ৩০টি আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ, সাতটি উচ্চপর্যায়ের সভায় বক্তব্য এবং ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক রয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও তিনি বৈঠক করেন।
তিনি জানান, প্রধানমন্ত্রী তুরস্ক ও ইরানের রাষ্ট্রপতি, মালদ্বীপের উপ-রাষ্ট্রপতি এবং ভুটান, পাকিস্তান, থাইল্যান্ড, ক্রোয়েশিয়া ও হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। এ ছাড়া কুয়েতের ক্রাউন প্রিন্স, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গেও সাক্ষাৎ হয়েছে।
জাতিসংঘের মহাসচিব, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট, জাতিসংঘের শরণার্থী ও মানবাধিকারবিষয়ক কর্মকর্তাসহ গেটস ফাউন্ডেশন ও বোয়িংয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠকের কথা তুলে ধরেন হুমায়ুন কবির।
তিনি বলেন, এসব বৈঠক ও কর্মসূচিতে বাংলাদেশের নতুন সরকারের অগ্রাধিকার, জাতীয় স্বার্থ এবং আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে শান্তি, জলবায়ু, রোহিঙ্গা সংকট, অর্থনৈতিক সহযোগিতা ও অন্যান্য বৈশ্বিক ইস্যুও গুরুত্ব পেয়েছে।
আ.দৈ/আরএস




















