প্রধানমন্ত্রীর আসনে সম্পত্তি দখলের দুঃসাহস কাদের, প্রশ্ন নাহিদের
নিজস্ব প্রতিবেদক

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজি কিংবা সম্পত্তি দখলের অভিযোগ তুলে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। প্রধানমন্ত্রীর সংসদীয় আসন ঢাকা-১৭ এলাকায় এমন ঘটনা ঘটানোর দুঃসাহস কাদের হতে পারে, সেই প্রশ্নও তুলেছেন তিনি।
রোববার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এসব প্রশ্ন তুলেন। পোস্টে এনসিপির আহ্বায়ক বলেন, রাতের আঁধারে জুলাইয়ে আমাদের রাজপথের সহযোদ্ধা জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর করা হয়েছে।
ভাঙচুর ও লুটপাটের পেছনে দুই ধরনের অভিযোগ পাওয়া গেছে উল্লেখ করে তিনি বলেন, ‘চাঁদা না দেওয়া অথবা সম্পত্তি দখল। আবার এবার ঘটনাটি ঘটেছে খোদ প্রধানমন্ত্রীর আসনে।
প্রশ্ন রেখে নাহিদ ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলা কিংবা সম্পত্তি দখলের দুঃসাহস কাদের হতে পারে?
কোনো স্থাপনা অবৈধ হলে বা কেউ দখল করে রাখলে তা উদ্ধারের জন্য আইন-আদালতের দ্বারস্থ হওয়ার সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন নাহিদ। ক্ষমতাসীন দলের প্রতি অভিযোগ তুলে তিনি বলেন, আইনি পথ বাদ দিয়ে সারাদেশে ক্ষমতাসীনদের এমন উন্মত্ত আচরণ কীসের ইঙ্গিত দিচ্ছে ?
পোস্টে বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ তুলে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, বিএনপির চাঁদাবাজি ও দখলদারিত্ব এখন শুরু হয়নি। শুরু হয়েছে পাঁচ আগস্ট বিকেল থেকে। যখন গোটা দেশের তারুণ্য বিপ্লবোত্তর নতুন বাংলাদেশের স্বপ্নে বিভোর তখন বিএনপির সন্ত্রাসী বাহিনী সারাদেশে ফ্যাসিবাদীদের চাঁদাবাজি, দখলবাজির সিন্ডিকেট নিয়ন্ত্রণে নিয়ে নেয়।
তিনি অভিযোগ করেন, আরও ভয়াবহ হচ্ছে, আওয়ামী লীগের শোষণের সাম্রাজ্য দখল করেই এরা ক্ষান্ত হয়নি। চাঁদাবাজি-দখলবাজির পরিমাণ ও আওতা কয়েকগুণ বাড়িয়েছে। আঠারো কোটি মানুষ আজ এদের কাছে জিম্মি।
সরকার, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এসবের বিচার চাওয়া ‘অর্থহীন’ বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। তবে তিনি আশা প্রকাশ করে বলেন, তবে আমরা বলতে চাই, অবিলম্বে চাঁদাবাজদের জিম্মিদশা থেকে প্রিয় মাতৃভূমি মুক্তি পাবে।
এদিকে ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, ঘটনাটির সঙ্গে চাঁদাবাজির কোনো সম্পর্ক পাওয়া যায়নি। নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে পাশের জমির মালিকের জমি নিয়ে বিরোধের জেরেই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনায় তিনজনকে গ্রেপ্তারের কথাও জানিয়েছে পুলিশ।
এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ইসিবি চত্বর এলাকার নিউ গিনি প্রপার্টিজে সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। একই আবাসন প্রকল্পের অফিস ও আশপাশের এলাকাতেও ভাঙচুর ও লুটপাটের খবর পাওয়া যায়।
প্রসঙ্গত, ঢাকা-১৭ সংসদীয় আসনে গুলশান, বনানী ও ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার অংশ রয়েছে। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত হন।
আ.দৈ/এস এন




















