রাড্ডা সেন্টারের মালিকানা নিয়ে বিরোধ আদালতেই মীমাংসা হবে: স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের মালিকানা নিয়ে কোনো বিরোধ থাকলে তা আদালতেই নির্ধারিত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, মালিকানা নিয়ে সমস্যা থাকলেও রাতের অন্ধকারে এভাবে স্থাপনা ভেঙে ফেলা অনাকাঙ্ক্ষিত।
শনিবার রাজধানীর মহাখালীর কড়াইল বস্তির টিএনটি খেলার মাঠে দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, রাড্ডা সেন্টারটি এনজিও পরিচালিত মাতৃসেবা কেন্দ্র ছিল। মালিকানা নিয়ে কোনো বিরোধ থাকলে আদালতের মাধ্যমে তার সমাধান হবে। এর মধ্যে টিকাদান কার্যক্রম যাতে বন্ধ না হয়, সে ব্যবস্থা করা হবে এবং পুলিশ বিষয়টি দেখভাল করবে।
এদিকে ঘটনায় জড়িতদের সিসিটিভি ফুটেজের মাধ্যমে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেন, এ ঘটনায় মামলা হয়েছে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশনা দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার দিবাগত রাতে রাড্ডা সেন্টারে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। ভুক্তভোগীদের দাবি, মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে সেখানে ঢুকে নিরাপত্তাকর্মীদের জিম্মি করেন। পরে ওষুধ, ভ্যাকসিন, যন্ত্রপাতি, নগদ টাকা ও অন্যান্য মালামাল লুট করে স্থাপনাটি ভেঙে ফেলা হয়।
ভাঙচুরের পরও সেন্টারের সামনে অস্থায়ীভাবে টিকাদান কার্যক্রম চালু রাখা হয়েছে। সিটি করপোরেশনের প্রশাসক জানান, টিকাদান কর্মসূচি অব্যাহত রাখতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।
আ.দৈ/আরএস




















