রাড্ডা সেন্টার ভাঙচুরে পুলিশের গাফিলতি ছিল কি না, তদন্ত হচ্ছে: ডিএমপি কমিশনার
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় পুলিশের কোনো অবহেলা বা গাফিলতি ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।
শনিবার বিকেলে মিরপুর-১ নম্বরে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। ডিএমপি কমিশনার বলেন, ঘটনাটি আধা ঘণ্টা বা এক ঘণ্টায় ঘটানো সম্ভব নয়। ঘটনাস্থলে ভবনের দুই পাশের টিনশেডসহ বিভিন্ন স্থানে ভাঙচুরের আলামত পাওয়া গেছে। এ ছাড়া ভবনের ভেতরে থাকা ডেটাসংক্রান্ত সরঞ্জাম ও কিছু যন্ত্রপাতি পাওয়া যাচ্ছে না বলে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন।
তিনি জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এজাহারে নাম উল্লেখ থাকা একজনসহ আরও ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।
পুলিশের ভূমিকা তদন্তে দারুস সালাম বিভাগের অতিরিক্ত উপকমিশনারকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। শনিবারের মধ্যেই প্রতিবেদন দিতে বলা হয়েছে। পুলিশের কোনো সদস্যের অবহেলা বা গাফিলতি পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কমিশনার।
ঘটনার পেছনে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের ইন্ধনের অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতারা এ ঘটনায় স্থানীয় সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির সম্পৃক্ততার অভিযোগ করেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার।
তিনি বলেন, কোনো রাজনৈতিক দল বা মত বিবেচনা না করে অপরাধীকে অপরাধী হিসেবেই দেখা হবে। দখল বা বেআইনি কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
আ.দৈ/আরএস




















