যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের
নিজস্ব প্রতিবেদক

বেসামরিক পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার ও এ খাতে সহযোগিতা বাড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি করেছে বাংলাদেশ। শনিবার ঢাকায় দুই দেশের প্রতিনিধিরা এ চুক্তিতে সই করেন। বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসাদ এবং যুক্তরাষ্ট্রের পক্ষে দেশটির অর্থনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি জ্যাকব হেলবার্গ চুক্তিতে স্বাক্ষর করেন।
বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে শনিবার চুক্তি সইয়ের বিষয়টি জানানো হয়। কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে পারমাণবিক সহযোগিতার উদ্যোগ শুরু হয়েছিল, নতুন চুক্তিটি তারই ধারাবাহিকতায় সম্পন্ন হয়েছে।
চুক্তির আওতায় দুই দেশের মধ্যে পারমাণবিক প্রযুক্তি ও জ্ঞান বিনিময়, পারমাণবিক নিরাপত্তা জোরদার এবং বেসামরিক জ্বালানি খাতে বৈজ্ঞানিক সহযোগিতা বাড়ানোর সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বেসামরিক পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের পাশাপাশি প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি ও নিরাপদ পারমাণবিক জ্বালানি ব্যবস্থাপনায় ঢাকা-ওয়াশিংটনের সহযোগিতা আরও বিস্তৃত করার ক্ষেত্রেও এ চুক্তিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
আ.দৈ/এসআর




















