ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে বেহেস্তের টিকিট বিক্রিকারীরা: স্বাস্থ্যমন্ত্রী
নরসিংদী প্রতিনিধি

দেশ বাঁচাতে হলে জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি জানান, আগামী মাস থেকে ব্যাপকভাবে পরিবার পরিকল্পনার পিলসহ অন্যান্য সামগ্রী বিতরণ শুরু করা হবে।
বৃহস্পতিবার দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা অডিটোরিয়ামে অসহায় মানুষের মধ্যে আর্থিক অনুদান ও টিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিভিন্ন স্কুলে ক্রীড়া সামগ্রীও বিতরণ করা হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাভাবিক প্রসবের জন্য নতুন ওষুধ ও যন্ত্রপাতি আনা হচ্ছে। দালালের প্ররোচনায় মায়েদের অপ্রয়োজনীয় সিজারিয়ান করানো থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও জানান, আগামী শনিবার থেকে আবারও হামের টিকাদান কার্যক্রম শুরু হবে। যেসব শিশু এখনো টিকা নেয়নি, তাদের টিকা দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি দাবি করেন, বিভিন্ন পক্ষ ষড়যন্ত্র করছে এবং এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, বিদেশি কোম্পানির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বঙ্গোপসাগরে গ্যাস অনুসন্ধান ও কূপ খননের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বিভিন্ন সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুতের ব্যবস্থা করার কার্যক্রমও নেওয়া হয়েছে বলে জানান তিনি।
আ.দৈ/এসএন




















