জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়ে নতুন ইতিহাস গড়বেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন
নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বৃহস্পতিবার বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্ক সময় বিকেল ৫টায় দেওয়া এ ভাষণ বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৩টায় প্রচার হওয়ার কথা রয়েছে। এটি প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে তাঁর প্রথম ভাষণ।
বুধবার নিউইয়র্কে এক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন জানান, দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা ও অনুভূতি ধারণ করে প্রধানমন্ত্রী বাংলায় জাতির বার্তা তুলে ধরবেন। তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও এর আগে জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।
প্রধানমন্ত্রীর সফরের দ্বিতীয় দিনে গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মার্ক সুজানের সঙ্গে বৈঠক হয়। এতে জনস্বাস্থ্য, শিশুসেবা, টিকাদান, সাশ্রয়ী ভ্যাকসিন, স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন এবং এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ ও প্রশিক্ষণের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশ ও গাম্বিয়ার যৌথ আয়োজনে উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী পাঁচ দফা প্রস্তাব তুলে ধরেন। নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন, মিয়ানমারে নিপীড়ন বন্ধ এবং রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, দক্ষ জনশক্তি, শিক্ষা ও প্রযুক্তিতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গেও বৈঠকে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যে থাকা বাংলাদেশি কর্মীদের স্বার্থের বিষয়টি উঠে আসে।
জলবায়ু পরিবর্তন মোকাবিলা, নদী ও পরিবেশ সংরক্ষণ, নবায়নযোগ্য জ্বালানি এবং বৈদ্যুতিক যানবাহন ব্যবহারের বিষয়েও প্রধানমন্ত্রী বিভিন্ন আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশের অবস্থান তুলে ধরেছেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র জানান।
এদিকে বাণিজ্যিক কূটনীতির অংশ হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের মধ্যে ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে বলে জানানো হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মার্কিন সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
আ.দৈ/আরএস




















