সরকারি হাসপাতালের পাশে নতুন বেসরকারি ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক

সরকারি হাসপাতালের আশপাশে নতুন করে কোনো বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পাশাপাশি বর্তমানে অনুমোদিত প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম নিয়মিত তদারকি করা হবে বলেও জানান তিনি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, মানসম্মত সেবা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন বাতিল করা হবে।
সাপের কামড়ে রোগী মৃত্যুর বিষয়ে মন্ত্রী বলেন, দেশে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত রয়েছে। তবে দংশনের পর হাসপাতালে আসতে দেরি হওয়ায় অনেক সময় রোগীর অবস্থা গুরুতর হয়ে যায়।
তিনি বলেন, সাপের কামড়ের পর রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা জরুরি। বিষধর সাপের দংশন কি না, তা বুঝতে চিকিৎসকেরা রোগীকে কিছু সময় পর্যবেক্ষণেও রাখেন।
পরিদর্শনের সময় স্থানীয় গণমাধ্যমকর্মীরা হাসপাতালের ব্যবস্থাপনার বিভিন্ন অনিয়মের বিষয় মন্ত্রীর নজরে আনেন। এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
আ.দৈ/আরএস




















