সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
স্ত্রীর সম্পদ বিবরণী চেয়ে নোটিশ পাঠানো হচ্ছে
ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালে বিরুদ্ধে দুদকের ২ মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৯ পিএম   (ভিজিট : ৬)
X

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের জুলুম, অমানবিক নির্যাতন,গুম-খুন ও মিথ্যে মামলায় জড়িয়ে বিরোধী দলীয় নেতা-কর্মীদের কারাগারে আটকে রাখা হতো। ওই সরকারের পতনের পরও জোরালো প্রতিবাদী কণ্ঠ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের সংগঠক শরীফ ওসমান বিন হাদিকে দমন করতেই পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

অবশেষে শরীফ ওসমান বিন হাদিকে হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বর্তমানে ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ভারতের কারাগারে আছেন। আজ সোমবার কমিশনের এক সভায় ফয়সাল করিম মাসুদেরবিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এরফলে যে কোন সময় দুদকের সংশ্লিষ্ট শাখায় অনুসন্ধানী কর্মকর্তা মামলা ২টি রেকর্ড করাবেন। 

আজ সোমবার (২১ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে ব্রিফিংয়ে এসব তথ্য জানান কমিশনের সচিব মো. সাইদুর রহমান খান। দুদক সচিব আরো জানান, আজ সোমবার এই খুনির বিরুদ্ধে জাল টেন্ডার বিজ্ঞপ্তি তৈরি করে কোটি টাকা আত্মসাৎ ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। একই সাথে খুনি ফয়সালের স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিরুদ্ধেও সম্পদ বিবরণী দাখিলের  নোটিশ জারির সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

দুদকের মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, জাল টেন্ডার বিজ্ঞপ্তি তৈরি করে দুটি কোম্পানিকে জয়েন্ট ভেঞ্চারে যুক্ত করার কথা বলে টেন্ডার সিকিউরিটি বাবদ ৯৫ লাখ ৬৯ হাজার টাকার পে-অর্ডার নেওয়া হয়। পরে জাল ও বানোয়াট ট্রেড লাইসেন্স ব্যবহার করে সরকারি প্রতিষ্ঠানের নামে ব্যক্তিমালিকানাধীন ব্যাংক হিসাব খোলা হয়। ওই হিসাবের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।

মামলার অভিযোগে আরও বলা হয়, জাল দরপত্র বিজ্ঞপ্তির মাধ্যমে ইনডিড ক্লাউড বিডির হিসাব থেকে অর্থ প্রথমে ফয়সালের নিজের মালিকানাধীন প্রতিষ্ঠান এপল সফট আইটির হিসাবে নেওয়া হয়। পরে তা তার নিজের নামে থাকা এনআরবি কমার্শিয়াল ব্যাংকের হিসাবে স্থানান্তর করা হয়। সবশেষে তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার নামে একই ব্যাংকের বেনারশী-পল্লী উপশাখায় এফডিআর করা হয়।

এ ঘটনায় ফয়সাল করিম মাসুদ, ব্যাংক কর্মকর্তা মো. সফিকুল ইসলাম ও মো. সারোয়ার হোসেন এবং ফয়সালের স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত হয়েছে। অন্যদিকে ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে ১ কোটি ৯৪ লাখ ৫৮ হাজার ৫০৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় পৃথক মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুদক।

তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার নামে ৬৫ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ থাকার অভিযোগে তাকে সম্পদ বিবরণী দাখিলের আদেশ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারা প্রয়োগ করা হবে।

উল্লেখ্য, শরীফ ওসমান হাদি জুলাই গণঅভ্যুত্থানের পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে পরিচিতি পান। জুলাইয়ের স্মৃতি সংরক্ষণ, আন্দোলনে শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং জুলাই ঘোষণাপত্রের দাবিতে তিনি বিভিন্ন কর্মসূচিতে নেতৃত্ব দেন।পরে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০২৫ সালের ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে গুলিবিদ্ধ হন হাদি। ছয়দিন পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাদি হত্যা মামলায় ফয়সাল করিম মাসুদকে প্রধান অভিযুক্ত করা হয়েছে। মামলার তদন্তে তার ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে বড় অঙ্কের সন্দেহজনক লেনদেনের তথ্যও উঠে আসে। ২০২৫ সালের ডিসেম্বরে সিআইডি ফয়সাল ও তার স্বার্থসংশ্লিষ্টদের হিসাবে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়ার কথা জানিয়েছিল। এর আগে হাদি হত্যা মামলায় ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞাও জারি করা হয়। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ওই আদেশ দেন।

আ. দৈ./একে



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝