জুলাই আন্দোলনে ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলা: সাবেক ভিসিসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
নিজস্ব প্রতিবেদক

২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা ও নির্যাতনের অভিযোগে তৎকালীন উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল ও অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবালসহ আটজনের বিরুদ্ধে আনা মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
একই সঙ্গে মামলার পলাতক পাঁচ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। রোববার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ শুনানি শেষে এ আদেশ দেন।
পলাতক পাঁচ আসামির মধ্যে রয়েছেন অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন। এর আগে ১৬ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে আট আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।
মামলার অপর তিন আসামি বর্তমানে কারাগারে রয়েছেন। তারা হলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম সামসুদ্দিন চৌধুরী মানিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনা ঘটে। এসব ঘটনায় পাঁচজনকে হত্যার পাশাপাশি ১৫ জনকে হত্যাচেষ্টার অভিযোগও আনা হয়েছে।
ট্রাইব্যুনালে অভিযোগ আমলে নেওয়ার পর পলাতক পাঁচ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। মামলাটিতে পরবর্তী আইনি কার্যক্রম ট্রাইব্যুনালের নির্দেশনা অনুযায়ী এগোবে।
আ.দৈ/এসআর




















