হুথিদের মোকাবিলায় যুক্তরাজ্যের সামরিক সহায়তা চায় সৌদি আরব
আন্তর্জাতিক ডেস্ক

ইরান-সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের মোকাবিলায় যুক্তরাজ্যের কাছে সামরিক সহযোগিতা চেয়েছে সৌদি আরব। তবে লন্ডন এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম সৌদির অনুরোধটি বিবেচনা করছেন বলে বিভিন্ন সূত্রের বরাতে জানিয়েছে সংবাদমাধ্যম।
প্রতিবেদনে দাবি করা হয়েছে, সৌদি আরবকে পরামর্শ ও সামরিক সহযোগিতা দিতে কয়েকজন সামরিক উপদেষ্টাকে রিয়াদে পাঠানোর বিষয়টি বিবেচনায় রয়েছে। তবে এ বিষয়ে ব্রিটিশ সরকারের আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।
সৌদি আরবের এ উদ্যোগের পেছনে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ বাব আল-মান্দেব প্রণালিকে ঘিরে নিরাপত্তা উদ্বেগ কাজ করছে। দাবি করা হচ্ছে, গত ১১ সেপ্টেম্বর হুথি যোদ্ধারা প্রণালিটির নিয়ন্ত্রণ নেওয়ায় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ও ইয়েমেনের সরকারি বাহিনী নতুন চাপের মুখে পড়েছে।
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত প্রায় ৫০ কিলোমিটার দীর্ঘ বাব আল-মান্দেব প্রণালি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। একই সঙ্গে সুয়েজ খালমুখী নৌযান চলাচলেও এ জলপথের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের জন্যও প্রণালিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, হুথিদের নিয়ন্ত্রণ থেকে প্রণালিটি পুনরুদ্ধারে কয়েক দিন আগে যুক্তরাজ্যের সহযোগিতা চায় সৌদি আরব। এর আগে ১২ সেপ্টেম্বর সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছেও হুথিদের বিরুদ্ধে বিমান অভিযান পরিচালনায় সহায়তা চেয়েছিলেন বলে দাবি করা হয়।
তবে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের কারণে এ মুহূর্তে হুথিদের বিরুদ্ধে অভিযান চালানোর মতো অবস্থায় ওয়াশিংটন নেই বলে ট্রাম্প জানিয়েছেন। যদিও সৌদি আরবকে গোয়েন্দা তথ্য ও লক্ষ্যবস্তু নির্ধারণে পরামর্শ সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে।
এদিকে, হরমুজ প্রণালি বন্ধ থাকার কারণে তেল পরিবহনে বিকল্প পথ হিসেবে বাব আল-মান্দেব ব্যবহার করছে সৌদি আরব—এমন দাবিও করা হয়েছে প্রতিবেদনে। ফলে প্রণালিটি ঘিরে অস্থিরতা অব্যাহত থাকলে জ্বালানি সরবরাহ, দাম ও আঞ্চলিক অর্থনীতিতে আরও চাপ তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আ.দৈ/আরএস




















