কারাগারে প্রজ্বল রেভান্নার মোবাইলে মিলল পর্নো ভিডিও
আন্তর্জাতিক ডেস্ক

ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ভারতের সাবেক সংসদ সদস্য প্রজ্বল রেভান্নার কারাকক্ষে নিষিদ্ধ মোবাইল ফোন ব্যবহারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ফরেনসিক পরীক্ষায় তার জব্দ করা মোবাইল ফোনে কয়েক ডজন পর্নোগ্রাফিক ভিডিও এবং পেনড্রাইভে একাধিক ওয়েব সিরিজ পাওয়ার তথ্য নিশ্চিত হয়েছে।
শনিবার এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, গত ১১ আগস্ট বেঙ্গালুরুর পারাপ্পানা অগ্রহারা কেন্দ্রীয় কারাগারের উচ্চনিরাপত্তা ব্যারাকে অভিযান চালায় ক্রাইম ব্রাঞ্চের একটি বিশেষ দল। এ সময় প্রজ্বল রেভান্নাকে নিজের সেলে মোবাইল ফোন ব্যবহার করতে দেখা যায়।
পরে তার সেল থেকে একটি মোবাইল ফোন, চার্জার, পেনড্রাইভ ও নোটবুক জব্দ করা হয়। ফরেনসিক বিশ্লেষণে মোবাইলে ডজনখানেক পর্নোগ্রাফিক ভিডিও এবং পেনড্রাইভে একাধিক ওয়েব সিরিজ থাকার তথ্য পাওয়া যায়।
কারাগারে ব্যক্তিগত মোবাইল ফোন, সিম বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের নিয়ম নেই। বন্দীদের বাইরের সঙ্গে যোগাযোগের জন্য নির্ধারিত ল্যান্ডলাইন, পিসিও কিংবা নজরদারির আওতায় থাকা ভিডিও কল ব্যবস্থার সুযোগ রয়েছে।
প্রজ্বল রেভান্নার সেল থেকে নিষিদ্ধ ডিভাইস উদ্ধারের ঘটনায় কারাগারে বিশেষ সুবিধা পাওয়ার অভিযোগ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে এক কারা কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
ভারতের সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি প্রজ্বল রেভান্না বর্তমানে ধর্ষণ ও যৌন নির্যাতনের ভিডিও ধারণ-সংক্রান্ত মামলায় যাবজ্জীবন সাজা ভোগ করছেন। অভিযোগ অনুযায়ী, ২০২১ সাল থেকে হাসান জেলার একটি ফার্মহাউসে কর্মরত এক গৃহকর্মীকে একাধিকবার ধর্ষণ করেন তিনি এবং ভিডিও প্রকাশের ভয় দেখান।
আ.দৈ/আরএস




















