নেপালের কাঠমান্ডুর থামেল থেকে ১০ বাংলাদেশি আটক
আন্তর্জাতিক ডেস্ক

নেপালের রাজধানী কাঠমান্ডুর থামেল এলাকা থেকে অবৈধ ও সন্দেহজনক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১০ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
সোমবার থামেলের বিভিন্ন হোটেল ও গেস্টহাউসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে অধিকতর তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাদের কালিকাস্তানের অভিবাসন বিভাগে পাঠানো হয়েছে।
নেপালের অভিবাসন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেপ্তারদের মধ্যে অন্তত একজনের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও সেখানে অবস্থানের তথ্য পাওয়া গেছে। অন্যদের ভিসার বৈধতা ও নেপালে তাদের কার্যক্রম যাচাই করা হচ্ছে।
পুলিশের দাবি, আটক ব্যক্তিরা থামেলের ‘মুসলিম তোল’ এলাকায় অবস্থান করছিলেন। মারামারি এবং ভিসার শর্তের বাইরে কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, গ্রেপ্তারদের সঙ্গে সম্পৃক্ত খাতুন-এ-জান্নাত নামে এক নারী নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। বাংলাদেশি নাগরিকদের নেপালে নিয়ে গিয়ে উন্নত দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগের আগের ঘটনাগুলোর সঙ্গেও বিষয়টি মিলিয়ে তদন্ত করা হচ্ছে।
তবে গ্রেপ্তার ১০ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগের চূড়ান্ত সত্যতা এখনো তদন্তাধীন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আ.দৈ/আরএস




















