ঢাকা-নারায়ণগঞ্জ-জয়দেবপুরে ইলেকট্রিক ট্রেন, অনুমোদন ৩ মেট্রোরেল প্রকল্পের
নিজস্ব প্রতিবেদক

ঢাকা-নারায়ণগঞ্জ-জয়দেবপুর রুটে ইলেকট্রিক ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে রাজধানীর যানজট কমাতে তিনটি মেট্রোরেল প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি—একনেক।
বুধবার অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারম্যান তারেক রহমান।
অনুমোদিত ইলেকট্রিক ট্রেন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৮২২ কোটি টাকা। সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০৩১ সালের মধ্যে ঢাকা-নারায়ণগঞ্জ-জয়দেবপুর রুটে ট্রেনটি চালু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এদিকে অনুমোদন পাওয়া তিন মেট্রোরেল প্রকল্প হলো—এমআরটি লাইন-৫ সাউদার্ন রুট, এমআরটি লাইন-১ এবং এমআরটি লাইন-৫ নর্দান রুট। সংশ্লিষ্টদের হিসাবে, তিন প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে প্রায় আড়াই লাখ কোটি টাকা।
এর মধ্যে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা—জাইকার অর্থায়নে চলমান এমআরটি লাইন-১ ও এমআরটি লাইন-৫ নর্দান প্রকল্পের ব্যয় ও মেয়াদ সংশোধনের প্রস্তাব অনুমোদন পেয়েছে। আর এশীয় উন্নয়ন ব্যাংক—এডিবি ও দক্ষিণ কোরিয়ার যৌথ অর্থায়নে এমআরটি লাইন-৫ সাউদার্ন প্রকল্পটি নতুন করে অনুমোদন দেওয়া হয়েছে।
জাইকার অর্থায়নে ৩১ দশমিক ২৪ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-১ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১ লাখ ১৪ হাজার ৩৯৪ কোটি ৮৯ লাখ টাকা। এ রুটে বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল নির্মাণের পরিকল্পনা রয়েছে।
অন্যদিকে হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত ২০ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-৫ নর্দান প্রকল্পে ব্যয় হবে ৮৯ হাজার ৮৪৮ কোটি ৩৬ লাখ টাকা।
এ ছাড়া গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত ১৭ দশমিক ২০ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-৫ সাউদার্ন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ৫০৩ কোটি টাকা। এ রুটের ১৩ দশমিক ১০ কিলোমিটার অংশ হবে পাতালপথ।
আ.দৈ/আরএস




















