সাত মাসে কোনো মানবাধিকার লঙ্ঘন হয়নি: মাহ্দী আমিন
নিজস্ব প্রতিবেদক

গত সাত মাসে দেশে কোনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন। একই সময়ে বর্তমান সরকার সর্বোচ্চ বাকস্বাধীনতা নিশ্চিত করেছে এবং কোনো বিরোধী দলের মতপ্রকাশের অধিকার হরণ করা হয়নি বলেও দাবি করেন তিনি।
মঙ্গলবার আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত ‘গণতন্ত্র, মানবাধিকার ও জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এ সভার আয়োজন করে।
মাহ্দী আমিন বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত। রাষ্ট্র পরিচালনার গত সাত মাসে বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি বিরোধীদের রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দেওয়া হয়নি। রাষ্ট্রীয়ভাবে কোনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনাও ঘটেনি বলে দাবি করেন তিনি।
তবে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান দেশে জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেন। তিনি দুর্নীতি দমন কমিশন ও বিচারব্যবস্থার কার্যকারিতা নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি নারী ও শিশুর ওপর সহিংসতা, পুলিশ হেফাজতে মৃত্যু এবং আইন প্রণয়নে জনসম্পৃক্ততার ঘাটতি নিয়ে প্রশ্ন তোলেন।
ইফতেখারুজ্জামান বলেন, জবাবদিহিতা নিশ্চিত করতে কার্যকর জাতীয় সংসদ প্রয়োজন। একই সঙ্গে বিভিন্ন আইন ও অধ্যাদেশ বাতিল এবং আইন প্রণয়নের প্রক্রিয়া নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন।
জবাবে মাহ্দী আমিন বলেন, রাষ্ট্রীয় মদদে কোনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেনি। আইন প্রণয়নের ক্ষেত্রে আলোচনা করা হয়েছে বলেও দাবি করেন তিনি। তবে একসঙ্গে শতভাগ পরিবর্তন সম্ভব নয় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
আলোচনায় বাসদ নেতা ডা. মনীষা চক্রবর্তী ও রাজনীতিবিদ-অ্যাকটিভিস্ট ডা. তাসনীম জারাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা গণতন্ত্র, রাজনৈতিক অংশগ্রহণ ও নাগরিক অধিকার নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
আ.দৈ/আরএস




















