গুলশানে আওয়ামী লীগের মিছিলের তথ্য ছিল, পুলিশ আঁচ করতে পারেনি: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের বিষয়ে গোয়েন্দা তথ্য ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে ওই এলাকায় জুমার নামাজের জন্য জড়ো হয়ে তারা মিছিল করতে পারে—পুলিশ তা আগে থেকে ধারণা করতে পারেনি বলে মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিভিন্ন সময় ছোট পরিসরে মিছিল ও অন্যান্য কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে। বিশেষ করে ফজরের নামাজের পর অল্পসংখ্যক লোক নিয়ে মিছিল করে ভিডিও ধারণের মতো ঘটনাও ঘটছে। এসব কর্মকাণ্ডের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী অবগত রয়েছে।
গুলশানের ঘটনা সম্পর্কে তিনি বলেন, শুক্রবার বেলা ১১টার দিকে জুমার নামাজ পড়ার কথা বলে কিছু লোক ওই এলাকায় জড়ো হয়। পরে তারা মিছিল বের করলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গুলশানের মিছিলের বিষয়ে গোয়েন্দা তথ্য থাকলেও ওই সময় জুমার নামাজের জন্য এসে তারা এমন কর্মকাণ্ডে জড়াবে, পুলিশ হয়তো তা অনুমান করতে পারেনি। তবে ঘটনাটিকে পুলিশের ব্যর্থতা হিসেবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি।
গত শুক্রবার রাজধানীর গুলশান থানার ৩ নম্বর সড়কের কেএফসি-সংলগ্ন এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিল ছত্রভঙ্গ করতে গেলে পুলিশের দিকে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ককটেল উদ্ধার ও কয়েকজনকে আটক করে। পরে এ ঘটনায় আরও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।
আ.দৈ/আরএস




















