শহীদ সেনাসদস্যদের পরিবারের দায়িত্ব নেবে সরকার: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে নিহত দুই সেনাসদস্যের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শহীদ সেনাসদস্যদের পরিবারের দেখভালে সরকার ও সেনাবাহিনী সবসময় পাশে থাকবে।
মঙ্গলবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী পরিবারগুলোর হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রধানমন্ত্রী বলেন, দেশের দায়িত্ব পালন করতে গিয়ে দুই সেনাসদস্য প্রাণ দিয়েছেন। তাঁদের আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শোকের এই সময়ে সরকার ও সেনাবাহিনী পরিবারগুলোর পাশে থাকবে এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলেও আশ্বস্ত করেন তিনি।
এ ছাড়া সেনাবাহিনীর পক্ষ থেকে শহীদ দুই সেনাসদস্যের স্থায়ী ঠিকানায় তাঁদের পরিবারের জন্য একটি করে বাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। তাঁদের স্ত্রীদের চাকরির ব্যবস্থা এবং সন্তানদের মাসিক ভাতা দেওয়ার কথাও জানানো হয়েছে।
গত ৯ সেপ্টেম্বর হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে সৈনিক (অপারেটর) আবু বকর সিদ্দিক ও সৈনিক (গানার) মো. তাসনিম রিফায়াত শহীদ হন।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে আবু বকর সিদ্দিকের পরিবারের পক্ষে তাঁর স্ত্রী সুরাইয়া আক্তার জুতি, শিশু কন্যা ফাতেমা সিদ্দিকা, বাবা আব্দুল ওহাব ও মা পারভীন আক্তার উপস্থিত ছিলেন। তাসনিম রিফায়াতের পরিবারের পক্ষে ছিলেন তাঁর স্ত্রী মোসা. ফাহমিদা আফরিন, শিশু কন্যা রাফসা তাসনিম ইফরা এবং বাবা মো. আসাদুল হক।
এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আ.দৈ/আরএস




















