কাউকে টার্গেট করে নয়, নিয়ম অনুযায়ী আসিফ মাহমুদের অনুসন্ধান: দুদক সচিব
নিজস্ব প্রতিবেদক

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে চলমান অনুসন্ধান কোনো চাপ, পক্ষপাতিত্ব বা ব্যক্তিগতভাবে কাউকে টার্গেট করে করা হচ্ছে না বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার দুদকের এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংস্থাটির সচিব সাইদুর রহমান খান বলেন, প্রচলিত আইন ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই অভিযোগগুলো যাচাই করা হচ্ছে। কোনো অনুসন্ধানেই ব্যক্তিগত পক্ষপাত বা নির্দিষ্ট কাউকে লক্ষ্য করার সুযোগ নেই বলেও জানান তিনি।
দুদক সচিব বলেন, কমিশনের কাছে থাকা পুরোনো ও চলমান অভিযোগগুলো পর্যায়ক্রমে তদন্ত ও অনুসন্ধান করা হচ্ছে। একই সঙ্গে পাইপলাইনে থাকা অন্যান্য অভিযোগও সময় অনুযায়ী সামনে আনা হবে।
এর আগে রোববার আসিফ মাহমুদের বিরুদ্ধে প্রায় ১১ হাজার কোটি টাকা পাচার এবং পদায়ন-বদলি বাণিজ্যের মাধ্যমে বিপুল অর্থ লেনদেনের অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক। তবে এই অনুসন্ধান সরকারের ইচ্ছায় পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেছেন আসিফ মাহমুদ।
এদিকে অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক ও তাঁর ছেলের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুদক। তাঁদের বিরুদ্ধে প্রায় ২৭ কোটি টাকার অবৈধ সম্পদ এবং প্রায় ১৫০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।
একইভাবে প্রায় ১৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের বিরুদ্ধেও মামলা করেছে কমিশন। দুদক সচিব জানান, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় এসব মামলার অনুমোদন দেওয়া হয়েছে।
এর আগে সোমবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কার্যালয়ে অভিযান চালায় দুদকের একটি দল। নকশা অনুমোদনে অনিয়ম ও যথাযথভাবে ভবন পরিদর্শন না করার অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
আ.দৈ/আরএস




















