ব্রিকস সম্মেলনে থাকছে না বাংলাদেশ, ঝুলে রইল তারেক রহমানের ভারত সফর
নিজস্ব প্রতিবেদক

ভারতে অনুষ্ঠেয় আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশ থেকে কোনো প্রতিনিধি দল অংশ নিচ্ছে না। এমনকি বিমসটেকের চেয়ারম্যান হিসেবে আমন্ত্রণ পেলেও সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গাবিষয়ক একটি আন্তর্জাতিক সেমিনারের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। পরে বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজেও বিষয়টি জানানো হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে ব্রিকস সম্মেলনের আউটরিচ পর্বে অংশ নেওয়ার জন্য তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছিল ভারত। তবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণটি আলাদা বিষয়। ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার সিদ্ধান্ত না নেওয়ার অর্থ হলো, আপাতত নয়াদিল্লি সফরও হচ্ছে না।
হুমায়ুন কবির বলেন, পরিস্থিতি অনুকূল হলে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যেতে পারেন। অর্থাৎ দুই দেশের মধ্যে প্রধানমন্ত্রীর সম্ভাব্য দ্বিপক্ষীয় সফরের আলোচনা পুরোপুরি বন্ধ হয়নি, তবে এখনো সফরের দিনক্ষণ চূড়ান্ত হয়নি। আগামী শনিবার ও রোববার নয়াদিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। সম্মেলনের আউটরিচ পর্বে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর গত ফেব্রুয়ারিতে ভারত তাঁকে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানায়। এরপর সম্ভাব্য সফরের বিষয়ে দুই দেশের কূটনৈতিক পর্যায়ে আলোচনা শুরু হলেও শেষ পর্যন্ত সফরের সময়সূচি নির্ধারিত হয়নি। এর মধ্যে গত ৫ আগস্ট জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লির একটি অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ওই ঘটনার পর ঢাকা-নয়াদিল্লি সম্পর্কের টানাপোড়েন আরও দৃশ্যমান হয়। এমন পরিস্থিতিতেও তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনা চলছিল।
তবে সম্প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের আগে তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা খুবই কম। সর্বশেষ ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে কোনো প্রতিনিধির না যাওয়ার সিদ্ধান্ত সেই সম্ভাবনাকে আরও অনিশ্চিত করে তুলেছে।
আ.দৈ/এসআর




















