বাংলাদেশ-ভারত রেল যোগাযোগ জোরদারে আলোচনা, ফিরতে পারে মৈত্রী এক্সপ্রেস
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় চালুর বিষয়ে দুই দেশই ইতিবাচকভাবে আলোচনা করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এর মধ্যে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস আবার চালুর সম্ভাবনাও বৈঠকে উঠে এসেছে।
মঙ্গলবার সচিবালয়ে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী। তিনি বলেন, দুই দেশের পারস্পরিক স্বার্থ, অর্থনৈতিক উন্নয়ন এবং জনগণের মধ্যে যোগাযোগ আরও জোরদার করার বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে।
শেখ রবিউল আলম জানান, বিদ্যমান কিছু সমস্যা নিয়েও বৈঠকে কথা হয়েছে। পাশাপাশি রাষ্ট্রীয় পর্যায়ে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।
ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, সড়ক ও রেল যোগাযোগ উন্নয়ন এবং দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ ছিল বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি দুই দেশের যোগাযোগব্যবস্থা আরও শক্তিশালী করতে ভারত কাজ করছে বলেও জানান তিনি।
মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে চিন্তাভাবনা চলছে উল্লেখ করে দীনেশ ত্রিবেদী বলেন, ট্রেনটি চালু হলে দুই দেশের মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি পারস্পরিক যোগাযোগ ও বাণিজ্যিক কার্যক্রমও আরও বাড়তে পারে।
আ.দৈ/আরএস




















