‘আসতে হবে না, আপনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই’: হাসিনাকে জাহেদ
নিজস্ব প্রতিবেদক

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে সরকার আগ্রহী বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় নেওয়ার বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে।
মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়টি সরকারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দাবি করেন, শেখ হাসিনা বর্তমানে পলাতক এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, আইনি প্রক্রিয়ায় আপিলের সুযোগ নিয়েও প্রশ্ন রয়েছে।
তথ্য উপদেষ্টা বলেন, সরকারের অবস্থান হলো শেখ হাসিনা স্বেচ্ছায় দেশে ফিরবেন—এমন অপেক্ষায় না থেকে তাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রীর ভারত সফরের সঙ্গে বিষয়টি সম্পর্কিত হওয়ায় সরকার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হয়রানির প্রসঙ্গও ওঠে। এ ধরনের ঘটনা ভবিষ্যতে বাংলাদেশ থেকে বিদেশে যাওয়া অন্যদের ক্ষেত্রেও ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন জাহেদ উর রহমান।
একই সঙ্গে ভারতীয় গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার বিষয়টি বাংলাদেশের মানুষের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করছে বলেও মন্তব্য করেন তিনি। এ বিষয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের দৃষ্টি আকর্ষণের আহ্বান জানান তথ্য উপদেষ্টা।
তিনি বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক এগিয়ে নিতে হলে পারস্পরিক আস্থা ও বিশ্বাসের পরিবেশ তৈরি করা জরুরি। ভারতের পক্ষ থেকে ইতিবাচক বার্তা আসার পাশাপাশি এমন কিছু কর্মকাণ্ডও দেখা যাচ্ছে, যা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
আ.দৈ/আরএস




















