সরকারি হাসপাতালে চিকিৎসকের ১১ হাজার ৪৯৫ পদ শূন্য
নিজস্ব প্রতিবেদক

দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকের অনুমোদিত ৪১ হাজার ৮০৬টি পদের মধ্যে ১১ হাজার ৪৯৫টি পদ বর্তমানে শূন্য রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। দ্রুত এসব পদে নিয়োগ দিয়ে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কথা জানিয়েছেন তিনি।
সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।
তিনি বলেন, সরকারি হাসপাতালগুলোতে বর্তমানে ৩০ হাজার ৩১১ জন চিকিৎসক কর্মরত আছেন। চিকিৎসকের ঘাটতি পূরণে সরকার বিভিন্ন নিয়োগ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ৪৪তম ও ৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে উল্লেখযোগ্যসংখ্যক চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি ৪৫তম, ৪৬তম, ৪৭তম ও ৫০তম বিসিএসের মাধ্যমে সহকারী সার্জন নিয়োগের প্রক্রিয়াও চলমান রয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ন্যূনতম মানদণ্ড অনুযায়ী প্রতি এক হাজার মানুষের বিপরীতে দশমিক ৫০ জন চিকিৎসক প্রয়োজন। সে হিসাবে ২০২৬ সালে বাংলাদেশের জন্য প্রায় ৮৮ হাজার ৯০৯ জন চিকিৎসকের প্রয়োজন হবে।
সরকারি স্বাস্থ্যসেবায় শূন্যপদ পর্যায়ক্রমে পূরণের পাশাপাশি জনগণের চাহিদা অনুযায়ী নতুন পদ সৃষ্টির উদ্যোগও নেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী। এর মাধ্যমে সহজলভ্য, মানসম্মত ও জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কার্যক্রম অব্যাহত থাকবে।
আ.দৈ/আরএস




















