জবি ছাত্রীর মেসে গিয়ে র্যাবের গাড়িতে ‘তুলে নেওয়ার’ চেষ্টা
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কলতাবাজারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রীদের একটি মেসে গিয়ে নাট্যকলা বিভাগের শিক্ষার্থী বর্ষা খাতুনকে র্যাবের গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রক্টরিয়াল টিমের হস্তক্ষেপে ওই শিক্ষার্থীকে না নিয়েই ঘটনাস্থল ত্যাগ করেন র্যাব সদস্যরা।
রোববার সকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করেন। সূত্রাপুর থানা পুলিশও ঘটনাস্থলে যায়।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আহমেদ ইহসানুল কবির জানান, শিক্ষার্থীকে নিয়ে যাওয়ার আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করার বিষয়টি তারা নিশ্চিত করতে বলেন। তাঁর ভাষ্য, শিক্ষার্থীর বিরুদ্ধে কোনো অভিযোগ বা মামলা থাকলে যথাযথ আইনগত প্রক্রিয়ায় ব্যবস্থা নিতে হবে।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক মো. তারেক বিন আতিক বলেন, প্রথমে ঘটনাস্থলে থাকা ব্যক্তিরা ভুল করে সেখানে আসার কথা জানালেও পরে চুরির মামলার আসামি ধরতে আসার কথা বলেন। তবে শিক্ষার্থীর বিরুদ্ধে যে মামলার কথা বলা হয়েছে, তার বিস্তারিত বিশ্ববিদ্যালয়কে জানানো হয়নি বলে তিনি দাবি করেন।
সূত্রাপুর থানার ওসি আনোয়ার বলেন, ঘটনাস্থলে আসা ব্যক্তিরা র্যাব সদস্য ছিলেন এবং একটি মামলার অভিযোগে শিক্ষার্থীকে নিতে এসেছিলেন। পরে পারিবারিক বিরোধের সূত্রে মামলাটি হওয়ার বিষয়টি জানতে পেরে শিক্ষার্থীকে না নিয়েই তারা চলে যান।
ঘটনাটি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযোগের সত্যতা ও পেছনের কারণ খতিয়ে দেখছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আ.দৈ/আরএস




















