আগামী কয়েক সপ্তাহে ডেঙ্গু বাড়ার শঙ্কা, সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক

চলতি মৌসুমে সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এ এম এ মুহিত। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগেভাগেই জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার বিকেলে জাতীয় সংসদের টানেলে এক ব্রিফিংয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। আগের বছরের তুলনায় মৃত্যুর সংখ্যা কম হলেও আগামী কয়েক সপ্তাহ পরিস্থিতি জটিল হতে পারে বলে তথ্য-উপাত্তে ইঙ্গিত মিলছে।
তিনি বলেন, সোমবার থেকে জনগণকে সম্পৃক্ত করে মাঠপর্যায়ে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম আরও জোরদার করা হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সচেতনতামূলক প্রচার চালানো হবে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতালসহ সব জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেন। বিশেষ করে রাজধানীতে মশার প্রজননস্থল ধ্বংসে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ও জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি সেপ্টেম্বর ও অক্টোবরজুড়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন।
আ.দৈ/আরএস




















