ঠাকুরগাঁওয়ে সংঘাত নয়, সহিষ্ণুতার রাজনীতি চান রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক

ঠাকুরগাঁওয়ে কোনো ধরনের সংঘাত বা সংঘর্ষ চান না বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক দলগুলোকে নিজেদের মতাদর্শ প্রচারের পাশাপাশি পরস্পরের সঙ্গে সংঘাতে না জড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নাগরিক কমিটির আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, অনেক ত্যাগ ও রক্তপাতের বিনিময়ে দেশে গণতন্ত্রের সুযোগ তৈরি হয়েছে। তাই প্রতিশোধের রাজনীতি নয়, আলোচনার মাধ্যমে সহিষ্ণু ও সমঝোতার পরিবেশ গড়ে তুলতে হবে।
ঠাকুরগাঁওয়ের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের কার্যক্রম এগিয়ে যাচ্ছে। ভূল্লী ও রুহিয়াকে উপজেলা করা হয়েছে। পরিত্যক্ত বিমানবন্দর চালুর উদ্যোগের পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প ও বিনিয়োগ বাড়ানোর চেষ্টা চলছে। এ ক্ষেত্রে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের, বিশেষ করে চীনের সহযোগিতা নেওয়ার উদ্যোগ রয়েছে।
তরুণদের মাদকবিরোধী আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু চাকরি বা ঠিকাদারির পেছনে না ছুটে নিজেদের কর্মসংস্থান তৈরির চেষ্টা করতে হবে। একই সঙ্গে ব্যবসায়ীদেরও নতুন বিনিয়োগ ও শিল্প স্থাপনে এগিয়ে আসার আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, ঠাকুরগাঁওয়ের মানুষের সঙ্গে তাঁর সম্পর্ক সবসময়ই থাকবে। জেলার শান্তি, সমৃদ্ধি ও মানুষের অধিকার রক্ষায় তিনি যথাসাধ্য কাজ করে যাবেন। অনুষ্ঠানের শেষ দিকে তিনি ঠাকুরগাঁওবাসীর প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আ.দৈ/আরএস




















