রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের নয়, আঞ্চলিক নিরাপত্তারও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
রোববার রাজধানীতে আইজিসি ফাউন্ডেশন আয়োজিত এক গোলটেবিল আলোচনায় মন্ত্রী বলেন, ক্যাম্পগুলোতে মাদকসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের ঝুঁকি রয়েছে। তাই ক্যাম্পের সীমানা ও প্রবেশ-নিয়ন্ত্রণ আরও কঠোর করা প্রয়োজন।
তিনি বলেন, রোহিঙ্গাদের সংখ্যা বাড়ার সঙ্গে কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর ওপর চাপও বাড়ছে। প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত মানবিক সহায়তা অব্যাহত রাখা জরুরি হলেও এটি কোনোভাবেই স্থায়ী সমাধানের বিকল্প হতে পারে না।
রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা কামনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আসন্ন জাতিসংঘ অধিবেশনে রোহিঙ্গা সংকটের সমাধান নিয়ে গুরুত্বের সঙ্গে আলোচনা অব্যাহত রাখারও আহ্বান জানান তিনি।
আ.দৈ/আরএস




















