রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল, কেন্দ্রে সিসি ক্যামেরা ও ড্রোন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৭ পিএম  আপডেট: ০৬.০৯.২০২৬ ৫:১৪ পিএম  (ভিজিট : ২৯)
X

চলতি সেপ্টেম্বরের শেষ নাগাদ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। তবে দেশের সব ইউনিয়নে একযোগে ভোট না নিয়ে সরকারি ব্যয় সংকোচন নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে কয়েক ধাপে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

তিনি বলেন, দেশের স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে যে প্রস্তুতি ও পরিবেশ তৈরি হয়েছে, তার ধারাবাহিকতায় সেপ্টেম্বরের শেষ দিকেই ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা সম্ভব হবে। একইসঙ্গে সব ইউনিয়নে ভোট আয়োজন করা অর্থনৈতিক ও প্রশাসনিকভাবে বেশ চ্যালেঞ্জিং। এ কারণে ধাপে ধাপে দেশের সব ইউনিয়নে নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা নেয়া হয়েছে।

ইউপি নির্বাচনের সময় নির্ধারণে শিক্ষার্থীদের পরীক্ষা ও শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দেয়া হবে বলে জানিয়েছেন ইসি আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, নভেম্বর ও ডিসেম্বর শিক্ষার্থীদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সময়। দেশের অধিকাংশ ভোটকেন্দ্র হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবহৃত হয়। পাশাপাশি শিক্ষকরা প্রিসাইডিং ও পোলিং অফিসারের দায়িত্বও পালন করেন। তাই পরীক্ষার সময় যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সে বিষয়টি বিবেচনায় নিয়ে পরীক্ষার আগে অথবা পরে ইউপি নির্বাচনের সময়সূচি নির্ধারণ করা হবে। ভোটার স্থানান্তর নিয়ে নানা ধরনের বিভ্রান্তি তৈরি হলেও এটি নির্বাচন কমিশনের নিয়মিত ও স্বাভাবিক কার্যক্রম বলে উল্লেখ করেন তিনি।

আনোয়ারুল ইসলাম বলেন, ভোটার স্থানান্তর কোনো বিশেষ উদ্দেশ্যে পরিচালিত কোনো কার্যক্রম নয়। ভুল বোঝাবুঝি ও অনিয়ম ঠেকাতে কমিশন এ বিষয়ে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে। ওই সময়ের মধ্যে নিয়ম মেনে সংশ্লিষ্টরা ভোটার স্থানান্তরের সুযোগ নিতে পারবেন। এমপিওভুক্ত শিক্ষকদের সরাসরি রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থানও তুলে ধরেন তিনি।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের সরাসরি অংশগ্রহণের সুযোগ দেয়ার দাবি জানানো হয়েছিল। তবে ইসি মনে করে, শিক্ষকদের প্রত্যক্ষ রাজনৈতিক সম্পৃক্ততা শিক্ষাপ্রতিষ্ঠানে নিরপেক্ষ ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে বাধা তৈরি করতে পারে। ইসি কমিশনারের ভাষ্য অনুযায়ী, শিক্ষকদের রাজনৈতিক সম্পৃক্ততা বাড়লে তাদের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হওয়ার পাশাপাশি শিক্ষা ব্যবস্থার ওপরও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

নির্বাচন কমিশন সরকারের চাপের মধ্যে রয়েছে—জামায়াতের এমন অভিযোগ প্রসঙ্গেও বক্তব্য দেন আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, নির্বাচন কমিশন সরকারের চাপে আছে—এ ধরনের ভিত্তিহীন বক্তব্য মূলত কমিশনকে রাজনৈতিকভাবে চাপের মধ্যে রাখার একটি কৌশল। আসন্ন উপনির্বাচনগুলোতে ভোটারদের জন্য ভোট দেয়ার প্রক্রিয়া আরও সহজ ও আধুনিক করতে আইটি-সমর্থিত পোস্টাল ভোটিং ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইসি। এই ব্যবস্থাকে সাধারণ মানুষের জন্য আরও সহজ, কার্যকর ও ব্যবহারবান্ধব করার লক্ষ্যেই কমিশন কাজ করছে বলে জানান তিনি।

ইউপি ভোটে বাড়ছে নিরাপত্তা

আগামী স্থানীয় সরকার নির্বাচনগুলোতে ভোটের স্বচ্ছতা নিশ্চিত এবং কারচুপি ও বিশৃঙ্খলা ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পরিকল্পনাও জানিয়েছে নির্বাচন কমিশন। ইসি কমিশনার বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেয়া হবে। নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্য বডি-ওর্ন ক্যামেরার সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হবে। এ ছাড়া ভোটকেন্দ্রের নিরাপত্তা ও যেকোনো ধরনের বিশৃঙ্খলা দ্রুত শনাক্ত ও নিয়ন্ত্রণে ড্রোন প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে ভোটকেন্দ্রগুলোর অবকাঠামোগত সমস্যাগুলোও দ্রুত সমাধানের উদ্যোগ নেয়া হয়েছে।

আনোয়ারুল ইসলাম সরকার বলেন, পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েনের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

আ.দৈ/এসআর





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝