ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার সচিবালয়ে ডেঙ্গু পরিস্থিতি ও করণীয় নিয়ে এক সভায় তিনি এসব নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী বলেন, বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসে জনগণকে আরও সচেতন করতে হবে।
পরিচ্ছন্নতা অভিযানে দুর্যোগ ব্যবস্থাপনা স্বেচ্ছাসেবকদের পাশাপাশি বিএনসিসি, রোভার স্কাউট ও রেড ক্রিসেন্টের কর্মীদের যুক্ত করার নির্দেশ দেন তিনি। স্থানীয় পর্যায়ে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে কার্যক্রম পরিচালনার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।
সভায় উপজেলা হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের চিকিৎসা ও ব্যবস্থাপনা সক্ষমতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়। হাসপাতালে ভর্তি রোগীদের মশারি দেওয়ার বিষয়েও আলোচনা হয়।
প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু মোকাবিলায় প্রতিরোধকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং সভার সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন মাঠপর্যায়ে দৃশ্যমান হতে হবে।
আ.দৈ/আরএস




















