সংসদে আবেগাপ্লুত মির্জা আব্বাস, নীরব হয়ে গেলেন সবাই
নিজস্ব প্রতিবেদক

২০০৬ সালের পর দীর্ঘ প্রায় দুই দশক পর জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সুযোগ পেলেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস। শারীরিক অসুস্থতার কারণে নির্বাচিত হওয়ার পর চলতি সংসদের কোনো অধিবেশনে যোগ দিতে পারেননি তিনি। প্রায় সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) হুইলচেয়ারে বসেই সংসদ অধিবেশনে যোগ দেন তিনি।
স্বাগত বক্তব্যের জন্য স্পিকার তাঁর নাম ঘোষণা করলে হুইলচেয়ারে বসে লিখিত বক্তব্য পড়তে শুরু করেন মির্জা আব্বাস। একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। ভারী হয়ে আসে তাঁর কণ্ঠ, নেমে আসে সংসদকক্ষে নীরবতা।
কান্নাজড়িত কণ্ঠে মির্জা আব্বাস বলেন, দীর্ঘ সাড়ে পাঁচ মাস তিনি চিকিৎসাধীন ছিলেন। প্রায় দুই দশক পর সংসদে ফিরে কথা বলতে পারা তাঁর জীবনের অন্যতম স্মরণীয় ঘটনা। একজন সংসদ সদস্য হিসেবে এর চেয়ে আনন্দ ও গর্বের বিষয় আর কী হতে পারে বলেও আবেগ প্রকাশ করেন তিনি।
অসুস্থতার সময়ে প্রধানমন্ত্রী ও তাঁর কার্যালয় এবং স্পিকারের খোঁজখবর নেওয়ার কথা উল্লেখ করে মির্জা আব্বাস কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, সবার আন্তরিকতা ও ভালোবাসা তাঁকে কঠিন সময়ে সাহস জুগিয়েছে।
নিজের জনগণের জন্য কাজ করার সুযোগ চেয়ে আল্লাহর কাছে দোয়া করেন মির্জা আব্বাস। সংসদ সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ২০০৬ সালের পর সংসদে ফিরে এসে তাঁর মনে হয়েছে, তিনি আবার মানুষের মাঝে ফিরে এসেছেন।
শেষে সবার কাছে দোয়া চেয়ে মির্জা আব্বাস বলেন, বেঁচে থাকলে যেন দেশের জন্য কিছু করতে পারেন—এটাই তাঁর প্রত্যাশা।
আ.দৈ/আরএস




















