বঙ্গবন্ধু ট্রাস্টের ২৭৬ কোটি টাকা আত্মসাৎ, হাসিনা ও রেহানার বিরুদ্ধে দুদকের মামলা
নিজস্ব প্রতিবেদক :

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান মো.নজরুল ইসলাম মজুমদারর বিরুদ্ধে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে বিভিন্ন ব্যাংক থেকে সিএসআর ফান্ডের নামে ২৭৬ কোটি ৩০ লাখ টাকা আত্মসাতের সুনিদিষ্ট অভিযোগে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই সিদ্ধান্তের ফলে যে কোন সময় অভিযুক্তদের বিরুদ্ধে সুনিদিষ্ট ধারায় মামলাটি রেকর্ড করা হতে পারে।
আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে দুদকের প্রধান কার্যালয় থেকে জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য জানান। তিনি আরো জানান, আজ সকালে কমিশনের এক সভায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের অনুমোদন দেওয়া হয়েছে।
দুদক কর্মকর্তারা জানান,২০২৪ সালে ছাত্র জনতার গণআন্দোলতে ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার পরিবর্তন হয়।এর পর বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের বিভিন্ন ব্যাংকে থাকা শত শত কোটি টাকার হিসাব এবং অনিয়ম সংশ্লিষ্ট বিষয় অনুসন্ধানে নামে দুদক। অনুসন্ধান পর্যায়ে আদালতের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন অবরুদ্ধ করা হয়।
অভিযোগ রয়েছে, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকাকালে
বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের বিভিন্ন ব্যাংক হিসাবের শত শত কোটি টাকার লেনদেন ও সম্ভাব্য অনিয়মের অনেক অভিযোগ রয়েছে। পরে দুদকের অনুসন্ধানের অংশ হিসেবে ট্রাস্ট ও সংশ্লিষ্ট ব্যক্তিদের একাধিক ব্যাংক হিসাব আদালতের আদেশে অবরুদ্ধ করা হয়।
এর আগে আদালতের আদেশে শেখ হাসিনা, শেখ রেহানা ও তাদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির একাধিক ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছিল। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের হিসাবও ছিল।
দুদকের সূত্র মতে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের ৩১টি ব্যাংক হিসাবে থাকা প্রায় ৩৯৪ কোটি ৬০ লাখ টাকা অবরুদ্ধ করার তথ্যও প্রকাশ্যে এসেছে। এসব হিসাবের সম্পদ স্থানান্তর বা বেহাতের আশঙ্কার কথা উল্লেখ করে আদালতে আবেদন করেছিল দুদক।
ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা তহবিল থেকে ট্রাস্টে অর্থ দেওয়ার বিষয়টি আগেও বিভিন্ন ব্যাংকের প্রকাশিত নথিতে দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনেও বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টে ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা খাত থেকে অনুদানের তথ্য রয়েছে।
আরো অভিযোগ রয়েছে, ২০২৩ সালে একটি বেসরকারি ব্যাংকের প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টকে স্বাস্থ্যসেবা সম্প্রসারণ ও আধুনিকায়নের জন্য ২০ কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়ার তথ্যও উল্লেখ করা হয়।
আ.দৈ./ একে




















