রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সেপ্টেম্বরে কমল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে ছাড় ১৩ টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৫ পিএম  আপডেট: ০২.০৯.২০২৬ ৬:২৭ পিএম  (ভিজিট : ৪০)
X

ঢাকা: সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যা ৬টা থেকে নতুন এ দাম কার্যকর হবে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে বলে জানিয়েছে বিইআরসি।

প্রতি কেজি এলপিজির দাম ১ টাকা ৩ পয়সা কমেছে

সেপ্টেম্বর মাসে বেসরকারি এলপিজির খুচরা মূল্য মূসকসহ প্রতি কেজি ১৩২ টাকা ১২ পয়সা নির্ধারণ করা হয়েছে। আগস্টে এই দর ছিল ১৩৩ টাকা ১৫ পয়সা। অর্থাৎ প্রতি কেজি এলপিজির দাম কমেছে ১ টাকা ৩ পয়সা।
নতুন দরে বিভিন্ন আকারের সিলিন্ডারের দামও পুনর্নির্ধারণ করা হয়েছে।

৫ দশমিক ৫ কেজি — ৭২৭ টাকা

১২ কেজি — ১ হাজার ৫৮৫ টাকা

১২ দশমিক ৫ কেজি — ১ হাজার ৬৫২ টাকা

১৫ কেজি — ১ হাজার ৯৮২ টাকা

১৬ কেজি — ২ হাজার ১১৪ টাকা

১৮ কেজি — ২ হাজার ৩৭৮ টাকা

২০ কেজি — ২ হাজার ৬৪২ টাকা

২২ কেজি — ২ হাজার ৯০৭ টাকা

২৫ কেজি — ৩ হাজার ৩০০ টাকা

৩০ কেজি — ৩ হাজার ৯৬৪ টাকা

৩৩ কেজি — ৪ হাজার ৩৬০ টাকা

৩৫ কেজি — ৪ হাজার ৬২৪ টাকা

৪৫ কেজি — ৫ হাজার ৯৪৫ টাকা

কমেছে অটোগ্যাসের দামও

যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমিয়েছে বিইআরসি। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৭৩ টাকা ৬৭ পয়সা থেকে ৫৮ পয়সা কমিয়ে ৭৩ টাকা ৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির মূসকসহ দাম প্রতি কেজি ১২৮ টাকা ৩৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। গ্যাসীয় অবস্থায় একই পদ্ধতিতে সরবরাহ করা এলপিজির দাম প্রতি লিটার শূন্য দশমিক ২৮ টাকা বা প্রতি ঘনমিটার ২৮৫ টাকা ৩০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

সৌদি সিপি বেড়েছে, কমেছে জাহাজভাড়া

বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকোর সেপ্টেম্বর মাসের প্রোপেন ও বিউটেনের সৌদি কনট্রাক্ট প্রাইসের (সৌদি সিপি) ভিত্তিতে এলপিজির দাম সমন্বয় করা হয়েছে। সেপ্টেম্বরে প্রোপেনের সৌদি সিপি প্রতি মেট্রিক টন ৬২৫ ডলার এবং বিউটেনের ৬৬০ ডলার। ৩৫:৬৫ অনুপাতে প্রোপেন ও বিউটেন বিবেচনায় নিয়ে গড় সৌদি সিপি ধরা হয়েছে ৬৪৭ দশমিক ৭৫ ডলার।

আগস্টে প্রোপেনের সৌদি সিপি ছিল ৬২০ ডলার এবং বিউটেনের ৬৪০ ডলার। ওই মাসে গড় সৌদি সিপি ধরা হয়েছিল ৬৩৩ ডলার। ফলে এক মাসের ব্যবধানে গড় সৌদি সিপি প্রতি মেট্রিক টনে ১৪ দশমিক ৭৫ ডলার বেড়েছে। তবে এলপিজি আমদানির ক্ষেত্রে জাহাজভাড়া ও ব্যবসায়ীর প্রিমিয়াম কমেছে। সেপ্টেম্বরে তা প্রতি মেট্রিক টন ১৬০ ডলার ধরা হয়েছে, যা আগস্টে ছিল ১৮০ ডলার। একই সঙ্গে ডলারের গড় বিনিময় মূল্য সেপ্টেম্বরে ১২৩ টাকা ৩০ পয়সা ধরা হয়েছে; আগস্টে যা ছিল ১২৩ টাকা ৬৯ পয়সা।

সরকারি এলপিজির দাম অপরিবর্তিত

বেসরকারি এলপিজির দাম কমলেও সরকারি এলপিজির দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ১২ দশমিক ৫ কেজির সরকারি এলপিজি সিলিন্ডারের ভোক্তা পর্যায়ের দাম ৭৭৬ টাকা ৯৩ পয়সাই থাকছে। চলতি বছর এলপিজির দামে একাধিকবার বড় ধরনের পরিবর্তন এসেছে। এপ্রিল মাসে দুই দফায় ১২ কেজির সিলিন্ডারের দাম মোট ৫৯৯ টাকা বেড়েছিল। ২ এপ্রিল ৩৮৭ টাকা এবং ১৯ এপ্রিল আরও ২১২ টাকা বাড়িয়ে দাম যথাক্রমে ১ হাজার ৭২৮ টাকা ও ১ হাজার ৯৪০ টাকা করা হয়।

এরপর জুনে দাম ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা এবং জুলাইয়ে এক ধাক্কায় ৩৫৭ টাকা কমিয়ে ১ হাজার ৫২৮ টাকা করা হয়।
আগস্টে আবার ৭০ টাকা বাড়িয়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। এক মাস পর সেপ্টেম্বরে সেই দাম থেকে আরও ১৩ টাকা কমানো হলো। বিইআরসি জানিয়েছে, এলপিজি মজুদ ও বোতলজাতকরণ, পরিবেশক এবং খুচরা বিক্রেতাসহ কোনো পর্যায়েই কমিশন নির্ধারিত দামের বেশি দামে বোতলজাত এলপিজি, রেটিকুলেটেড এলপিজি বা অটোগ্যাস বিক্রি করা যাবে না।

আ.দৈ/এসআর






Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝