সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৫ টাকা
নিজস্ব প্রতিবেদক

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়িয়ে ২০৪ টাকা নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে খোলা সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৮০ টাকা লিটার।বুধবার সচিবালয়ে ভোজ্যতেল নিয়ে আয়োজিত এক জরুরি ব্রিফিংয়ে নতুন দাম নির্ধারণের তথ্য জানান বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান। বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত ২৯ এপ্রিল বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছিল। সে সময় ৫ লিটারের বোতলের দাম নির্ধারণ করা হয় ৯৭৫ টাকা। পাশাপাশি খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৮০ টাকা করা হয়েছিল। পাম তেলের দাম তখন অপরিবর্তিত রাখা হয়।
যুদ্ধের প্রভাবে আমদানি ব্যাহত
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অপরিশোধিত ভোজ্যতেল আমদানি ব্যাহত হওয়ার আশঙ্কায় দেশের বাজারে খোলা সয়াবিন তেলের দাম বাড়তে শুরু করে। এ পরিস্থিতিতে ভোজ্যতেলের বাজার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। এর আগে গত ১২ এপ্রিল বাজারে ভোজ্যতেলের ‘পর্যাপ্ত’ সরবরাহ রয়েছে দাবি করে ভোক্তাদের ‘অহেতুক’ আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছিলেন বাণিজ্যমন্ত্রী। সে সময় দাম বাড়ানো হবে না—এমন ইঙ্গিত দেওয়া হলেও পরে সরকার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়।
গত বছরও বেড়েছিল দাম
এর আগে গত বছরের ১৪ অক্টোবর প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৬ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ৮ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। একই সময়ে খোলা পাম তেলের দামও লিটারে ১৩ টাকা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়।
ওই সময় বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৮৯ টাকা থেকে বাড়িয়ে ১৯৫ টাকা করা হয়। খোলা সয়াবিন তেলের দাম ১৬৮ টাকা থেকে বেড়ে দাঁড়ায় ১৭৬ টাকা। এ ছাড়া ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ২৫ টাকা বাড়িয়ে ৯৪৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। আর খোলা পাম তেলের নতুন দাম নির্ধারণ করা হয় ১৬৩ টাকা লিটার। নতুন দফায় বোতলজাত সয়াবিন তেলের দাম আরও ৫ টাকা বেড়ে লিটারপ্রতি ২০৪ টাকা হওয়ায় ভোক্তাদের ব্যয়ও বাড়ল।
আ.দৈ/এসআর




















