এলএনজি আমদানি বাড়াতে তিন নতুন টার্মিনালের উদ্যোগ: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক

দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় এলএনজি আমদানি ও সরবরাহ বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার জাতীয় সংসদে এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, কক্সবাজারের মহেশখালীর কুতুবদিয়া এলাকায় একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের বিষয়ে আগ্রহী একটি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে। পরিকল্পনা অনুযায়ী, টার্মিনালটি চালু হলে ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে এলএনজি সরবরাহ শুরু করা সম্ভব হবে।
সরকারের প্রত্যাশা, নতুন এই টার্মিনাল চালু হলে আগামী দুই বছরের মধ্যে দেশে এলএনজি আমদানি উল্লেখযোগ্যভাবে বাড়বে। এতে গ্যাস সরবরাহের ওপর চাপ কমার পাশাপাশি জ্বালানি সংকটও কিছুটা লাঘব হবে।
এদিকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জ্বালানি চাহিদা পূরণে পায়রা ও মোংলা বন্দর এলাকায় আরও দুটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাব নিয়ে কাজ চলছে। জরুরি ভিত্তিতে এসব টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।
সরকার মনে করছে, প্রস্তাবিত তিনটি টার্মিনাল বাস্তবায়ন হলে দেশের সামগ্রিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী হবে। পাশাপাশি শিল্প ও অন্যান্য খাতে চলমান গ্যাস সংকটও অনেকটা কমে আসবে।
আ.দৈ/আরএস




















