রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বহু দলীয় ও সংসদীয় গণতন্ত্র বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৭ পিএম  আপডেট: ০১.০৯.২০২৬ ৫:৪৭ পিএম  (ভিজিট : ৪১)
X

বিএনপি দেশে শুধু বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেনি, সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রেও দলটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জনগণের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা এবং প্রয়োজনীয় সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তাঁর সরকার কাজ করছে। একটি শক্তিশালী ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই দেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব বলেও উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি আন্দা ফিলিপের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। আজ এ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন সাংবাদিকদের এ তথ্য জানান। বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হয়েছে। এ প্রক্রিয়ায় বিএনপির নেতাকর্মীদের নানা ধরনের নির্যাতনের শিকার হতে হয়েছে বলেও দাবি করেন তিনি।

তারেক রহমান বলেন, ‘গণতন্ত্রের জন্য আমরা দীর্ঘদিন সংগ্রাম করেছি। আমাদের দলের অসংখ্য নেতা-কর্মী গুম ও হত্যার শিকার হয়েছেন এবং প্রায় ৪০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।’ তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক ধারাকে আরও সুগম করা সম্ভব হয়েছে। তবে গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে সামনে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে বলে স্বীকার করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, জনগণের গণতন্ত্র নিয়ে প্রত্যাশা অনেক। এসব প্রত্যাশা পূরণে সরকার দৃঢ়ভাবে কাজ করছে। তাঁর ভাষায়, গণতান্ত্রিক প্রতিষ্ঠান কার্যকর ও শক্তিশালী হলে দেশের টেকসই অগ্রগতি এবং উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।

প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা আইপিইউ সেক্রেটারির

সাক্ষাতে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করেন। জাতীয় সংসদের নিয়মিত অধিবেশনে প্রধানমন্ত্রীর উপস্থিতিকে সংসদীয় গণতন্ত্রের প্রতি তাঁর অঙ্গীকারের গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে উল্লেখ করেন তিনি। আন্দা ফিলিপ বলেন, বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের অগ্রযাত্রা ইতিবাচক। এই ধারা অব্যাহত থাকলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি জনগণের আস্থা আরও বাড়বে।

তিনি জানান, বাংলাদেশের জাতীয় সংসদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা আরও বিস্তৃত করতে আগ্রহী আইপিইউ। তানজানিয়ায় অনুষ্ঠেয় আইপিইউর ১৫৩তম সম্মেলনে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকারের অংশগ্রহণের আশাও প্রকাশ করেন তিনি। তাঁর মতে, এতে আইপিইউ ও বাংলাদেশের সংসদের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হবে। গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও কার্যকর করতে নাগরিকদের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন আইপিইউ সেক্রেটারি।

নারী ও শিক্ষা নিয়ে আলোচনা

বৈঠকে নারীর ক্ষমতায়ন ও শিক্ষার বিষয়টিও গুরুত্ব পায়। তরুণ ও নারী সংসদ সদস্যদের সঙ্গে তাঁর বৈঠকের অভিজ্ঞতা তুলে ধরে আন্দা ফিলিপ তাঁদের উদ্যম ও আগ্রহের প্রশংসা করেন। জবাবে প্রধানমন্ত্রী বলেন, নারীর ক্ষমতায়ন তাঁর সরকারের অন্যতম অগ্রাধিকার। নারী শিক্ষার প্রসারে অনার্স পর্যায় পর্যন্ত বিনামূল্যে শিক্ষা এবং নারী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।

এ ছাড়া ফ্যামিলি কার্ড প্রকল্পের লক্ষ্য তুলে ধরে তারেক রহমান বলেন, এর অন্যতম উদ্দেশ্য নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করা এবং পরিবারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে তাঁদের অংশগ্রহণ বাড়ানো। সৌজন্য সাক্ষাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম উপস্থিত ছিলেন।


আ.দৈ/এসআর



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝