রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিগত সরকারের সময়ে দেশকে ভঙ্গুর করে দেওয়া হয়েছে: বিমানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৭:০৫ পিএম   (ভিজিট : ৩২)
X

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, বিগত সরকারের সময়ে দেশকে ভঙ্গুর করে দেওয়া হয়েছে। নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালনের মাধ্যমে আমাদের দেশকে এগিয়ে নিতে হবে। প্রতিবেশী দেশগুলো উন্নতি করলেও নেতৃত্বের অভাবে আমরা পিছিয়ে ছিলাম। এখন প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিতে কাজ করছেন।

সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টায় ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা, মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নসহ উন্নয়ন কার্যক্রম তদারকি সংক্রান্ত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাদক নির্মূলে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। পাশাপাশি ধর্ষণ, জুয়া ও চোরাচালান বন্ধ এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণেও কাজ করতে হবে। দেশে সার সংকট নেই জানিয়ে তিনি বলেন, কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে পর্যাপ্ত সার মজুদ রয়েছে। শম্ভুগঞ্জ সার গুদাম সংস্কারের দাবি জানানো হয়েছে, এটি দ্রুত সংস্কারের চেষ্টা করা হবে। অচিরেই সার ডিলার এবং টিসিবি ও ওএমএসের ডিলার নিয়োগ হবে।

বেকার যুবকদের কর্মসংস্থানের বিষয়ে তিনি বলেন, এ বছরের শেষ দিকে কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। পুলিশে চাকরির ক্ষেত্রে টাকা লাগত, এখন সেই ব্যবস্থা পরিবর্তন করা হয়েছে। বর্তমানে গ্যাস ও বিদ্যুৎ নিয়ে যে সমস্যা রয়েছে, তা আগের সরকারের রেখে যাওয়া। এ সমস্যা সমাধানে সময় প্রয়োজন।

দেশ ও জেলার উন্নয়নে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের একযোগে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার জনবান্ধব কাজ করতে চায় এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করতে চায়। তা করতে পারলে জনগণ খুশি হবে, না হলে জনগণ মুখ ফিরিয়ে নেবে।

বিগত সরকারের সময়ের মনোনভাব নিয়ে কাজ না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিগত সময়ে যা হয়েছে, তা আমরা করতে চাই না। মন থেকে ওইসব বাদ দিয়ে নতুন করে কাজ শুরু করুন, আর যারা কাজ করতে চান না তারা চাকরি ছেড়ে চলে যান। কাজ না করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা দেশকে উন্নত করতে চাই।

শেখ হাসিনার পালিয়ে যাওয়ার প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, শেখ হাসিনা যেভাবে দেশ থেকে বিদায় হয়েছে, তা থেকে আমরা যদি শিক্ষা না নেই তাহলে পরিণতি খারাপ হবে সবার। তাই বিগত সময়ে যা হয়েছে তা আমরা কেউ কোনোভাবেই করতে চাই না।  

ময়মনসিংহে এলজিইডির উন্নয়ন কাজগুলো ফেলে রাখার ঘটনায় সংশিষ্ট ৩০টি ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়ে নির্বাহী প্রকৌশলীকে সাধুবাদ জানিয়ে মন্ত্রী আরও বলেন, আমাকে ময়মনসিংহ, শেরপুর এবং নেত্রকোনা জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। এতে আমি খুশি হয়েছি। সারাদেশের সঙ্গে এই জেলাগুলোর উন্নয়নে আমি সর্বাত্মক চেষ্টা করবো এমপি এবং প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে। এজন্য সবার সহযোগিতা কামনা করছি।  
  
সভায় জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন ময়মনসিংহ সদর আসনের এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, মুক্তাগাছা আসনের এমপি জাকির হোসেন বাবলু, ঈশ্বরগঞ্জ আসনের এমপি প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু, গফরগাঁওয়ের এমপি আকতারুজ্জামান বাচ্চু, ফুলবাড়ীয়ার এমপি মোহাম্মদ কামরুল হাসান মিলন, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুল হাসান, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী প্রমুখ।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মোহাম্মদ গোলাম মাসুম প্রধান ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উম্মে হাবীবা মীরা যৌথভাবে সভাটি সঞ্চালনা করেন। এতে আরও উপস্থিত ছিলেন- বিজিবি ময়মনসিংহ সেক্টরের পরিচালক বায়েজিদ, র‌্যাব কর্মকর্তা শামসুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামানসহ জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

আ.দৈ/আরএস






Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝