পল্লবীতে বিএনপি-জামায়াত সংঘর্ষ: পুলিশের দুই মামলা, আসামি শতাধিক
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরের পল্লবীতে টয়লেটের জায়গায় লাশ গোসলের ঘর নির্মাণকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থকদের সংঘর্ষের ঘটনায় দুটি মামলা করেছে পুলিশ। রোববার পল্লবী থানায় দায়ের করা মামলায় শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, মিরপুর-১১ নম্বর মাদরাসা ক্যাম্পের সামনে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় লাঠি, লোহার রড, হাসুয়াসহ দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা ও ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ ওঠে। এতে থানার ওসিসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পাঁচ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে।
স্থানীয়রা জানান, ক্যাম্পের একটি জায়গায় জামায়াত সমর্থকরা লাশ গোসলের ঘর নির্মাণ করতে চাইলে বিএনপি সমর্থকরা সেখানে টয়লেট ও পানির পাম্প স্থাপনের উদ্যোগ নেন। এ নিয়ে কয়েকদিনের বিরোধের পর শনিবার তা সংঘর্ষে রূপ নেয়।
পল্লবী থানার পুলিশ জানিয়েছে, সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এরই মধ্যে মামলার এক নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
আ.দৈ/আরএস




















