
বিদ্যুৎ ও জ্বালানি সংকটকে জাতীয় সংকট উল্লেখ করে বিরোধী দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
রোববার পটুয়াখালী ইপিজেড পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, গত ছয় মাসে সরকার বিদ্যুৎ-জ্বালানি সংকট তৈরি করেনি। তাই নীতিগত আলোচনা বাদ দিয়ে আন্দোলনের নামে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা হলে দেশ বড় ধরনের ক্ষতির মুখে পড়বে।
নুরুল হক নুর বলেন, আগামী পাঁচ বছর দেশকে সঠিক গন্তব্যে নিতে সরকার কাজ করছে। একই সঙ্গে তিনি দাবি করেন, বর্তমান সরকার আগের ভারতনির্ভর পররাষ্ট্রনীতি থেকে সরে এসে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিচ্ছে।
আমিনবাজারে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে প্রতি ইউনিট ২৫ টাকা খরচের তথ্য নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই ছাড়া লেখালেখি না করার আহ্বান জানান তিনি। তাঁর দাবি, প্রকল্পটিতে ৮২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে।




















