হাসিনা বেগমের পাশে ইউএনও, প্রতিবন্ধী দুই সন্তান পেল হুইলচেয়ার
মোঃ শরিফ বিল্লাহ (নীলফামারী)

স্বামী নেই, দুই সন্তান শারীরিক ও বুদ্ধিপ্রতিবন্ধী। অসুস্থ শাশুড়ি ও সন্তানদের দায়িত্ব কাঁধে নিয়ে দিনমজুরি ও গৃহস্থালির কাজ করে সংসার চালান নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের গোসাইগঞ্জ ঝাক্কুয়াপাড়া গ্রামের হাসিনা বেগম।
বিভিন্ন সংবাদমাধ্যমে হাসিনা বেগমের সংগ্রামী জীবনের কথা প্রকাশের পর রোববার (৩০ আগস্ট) তার বাড়িতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শায়লা সাঈদ তন্বী। এ সময় তিনি হাসিনার শারীরিক ও বুদ্ধিপ্রতিবন্ধী দুই সন্তান হাইউল হক (১৯) ও মনি আক্তারের (১৪) জন্য দুটি হুইলচেয়ার ও উপহারসামগ্রী তুলে দেন।
ইউএনও বলেন, সংবাদমাধ্যমে হাসিনা বেগমের সংগ্রামের কথা জানতে পেরে তার সন্তানদের জন্য হুইলচেয়ার ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে এসেছেন। তাদের অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করতেও সর্বোচ্চ চেষ্টা করবেন।
হাসিনা বেগম জানান, ২০২৩ সালে বিধবা ভাতার জন্য আবেদন করলেও এখনো তা চালু হয়নি। স্থানীয়রা তার বিধবা ভাতা দ্রুত চালু করাসহ পরিবারের জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
আ.দৈ/আরএস




















